২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা রন্ধন শিল্পী প্রতিযোগিতা শুরু

দেশের আনাচে-কানাচে লুকিয়ে থাকা প্রতিভাবান রন্ধন শিল্পীদের খুঁজে বের করতে দেশব্যাপী শুরু হয়েছে সেরা রন্ধন শিল্পী-২০০৯ প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 12:52 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দেশের আনাচে-কানাচে লুকিয়ে থাকা প্রতিভাবান রন্ধন শিল্পীদের খুঁজে বের করতে দেশব্যাপী শুরু হয়েছে সেরা রন্ধন শিল্পী-২০০৯ প্রতিযোগিতা। দি বাংলাদেশ মনিটর- পত্রিকার আয়োজনে শনিবার 'শেফ অব দ্য ইয়ার-২০০৯' প্রতিযোগিতার উদ্বোধন করেন ওই পত্রিকার সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ও এমিরেটস এয়ারলাইন্স প্রিমিয়াম পার্টনার হিসেবে কাজ করছে। ওয়াহিদুল ইসলাম বলেন, "দেশের আনাচে-কানাচে লুকিয়ে থাকা প্রতিভাবান রন্ধনশিল্পীদের খুঁজে বের করতেই পঞ্চম বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছি।" এমিরেটস এয়ারলাইন্সের এরিয়া ম্যানেজার হানিফ জাকারিয়া বলেন, "খাবার শুধু সুস্বাদু হলেই চলবে না, এটি স্বাস্থ্যকরও হতে হবে। এ জন্যেই পাম অয়েলের ব্যবহার বাড়ানোর লক্ষে আমরা এই কর্মসূচি স্পন্সর করে আসছি।" মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিলের আঞ্চলিক ব্যবস্থাপক এ কে এম ফখরুল আলম বলেন, "রন্ধনরীতি যে কোন জাতির সংস্কৃতির অংশ। এর মাধ্যমে অনেক জাতির সঙ্গেও পরিচিত হওয়া যায়। কিন্তু বাংলাদেশী রান্না ততটা পরিচিতি লাভ করেনি। এ কারণেই আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি।" শনিবার থেকে শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতায় নাম তালিকাভুক্তি চলবে। এ সময়ের মধ্যে একটি প্রধান খাবার (মাছ, মাংস, ভাত, বিরিয়ানি ইত্যাদি) ও একটি সবজি জাতীয় খাবারের রেসিপি পাঠাতে হবে। বাংলাদেশী পুরুষ ও মহিলারা একেকজন একাধিক রেসিপি পাঠাতে পারবেন। প্রতিটি রেসিপি ছয়জন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে পরিবেশনের উপযোগী হতে হবে। এসব রেসিপির মধ্য থেকে বাছাই করা শীর্ষ ১০ জনকে প্যান প্যাসিফিক সোনার গাঁ হোটেলে জুরি কমিটির সামনে রান্নার জন্যে আমন্ত্রণ জানানো হবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রধান তিনজনের জন্যে বিদেশে ভ্রমণের বিমান টিকেটসহ আকর্ষনীয় পুরস্কার থাকবে। রেসিপি পাঠানোর ঠিকানা: দি বাংলাদেশ মনিটর, সিটি হার্ট (১০ম তলা), ৬৭ নয়াপল্টন, ঢাকা ১০০০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএইচ/১৮৫১ ঘ.