২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবির সাত সদস্য সাতদিনের রিমান্ডে

রাজশাহী অঞ্চল থেকে গ্রেপ্তার করা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সাত সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে সাতদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 12:09 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

রাজশাহী, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী অঞ্চল থেকে গ্রেপ্তার করা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সাত সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে সাতদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। শনিবার দুপুরে রাজশাহী মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান ১০ দিন হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি চান। হাকিম বি এম তারেকুল কবির সাতদিনের অনুমতি দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন। বুধ ও বৃহস্পতিবার রাজশাহী মহানগরী, নওগাঁ এবং নাটোর থেকে জেএমবির এই সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি কম্পিউটার, ৮টি মোবাইল ফোন সেট, জিহাদি বিভিন্ন বিষয়ের ওপর সাতটি সিডি এবং প্রায় শতাধিক জিহাদি বই-পুস্তক। গ্রেপ্তারকৃতরা হলেন- জেএমবির রাজশাহী বিভাগের প্রধান ও জেএমবির 'দাওয়াতি শাখা'র মুখ্য সমন্বয়ক আশরাফ ওরফে হায়দার ওরফে আব্দুর রাজ্জাক, জেএমবির এহসার সদস্য ও নওগাঁ জেলার প্রধান হাফেজ আব্দুর রহিম ওরফে ইসমাইল, নাটোর জেলার প্রধান শাহাব উদ্দিন, জেএমবি'র গায়রে এহসার সদস্য রহিদুল, মমতাজ, আসাদুল ইসলাম ও ইসারুল। শুক্রবার বিকেলে এদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমামুল হক বাদি হয়ে সন্ত্রাস দমন আইনে ওই থানায় একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮০৬ ঘ.