নারায়ণগঞ্জ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলায় গ্রেপ্তার করা ঢাকা সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা আরিফুর রহমান আরিফকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের বিচার বিভাগীয় হাকিম আমিনুল ইসলামের আদালতে হাজির করা হয় তাকে। মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি আরিফকে আবারও পাঁচদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানায়।
আদালত আগামী ১৩ অক্টোবর এই আবেদন শুনানির দিন ধার্য করে আরিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
শুনানিতে অংশ নেন আদালত পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সালাম। আসামি পক্ষে আইনজীবী ছিলেন ভূঁইয়া বারী।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি আরিফুর রহমানকে গ্রেপ্তার করে।
আরিফ ঢাকা মহানগর বিএনপির বিলুপ্ত কমিটি ও রমনা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। পরে সিআইডি চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখায়।
এই মামলায় এর আগে হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানকে তিন দফায় ১৯ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
জিজ্ঞাসাবাদে হান্নান বিএনপি নেতা আরিফের নাম উল্লেখ করেছেন। তবে রিমান্ডে আরিফ মুখ খোলেননি বলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি নারায়ণগঞ্জ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ আলী মোল্লা জানান।
২০০১ সালের ১৬ জুন চাষাড়া আওয়ামী লীগ কার্যালয়ে বর্বরোচিত বোমা হামলায় ২০ জন নিহত হয়। আহত হয় শতাধিক। হতাহতদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৯ ঘ.
bdnews24