২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুব্রত বাইন নেপালের কারাগারে

ঢাকার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন নেপালে বন্দি রয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। তাকে রাখা হয়েছে পূর্ব নেপালের ভাদ্রপুর কারাগারে। কলকাতা থেকে জানাচ্ছেন শুভ্রা কান্তি গুপ্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 01:02 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

শুভ্রা কান্তি গুপ্তা, কলকাতা থেকে কলকাতা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী ত্রিমতি সুব্রত বাইন নেপালের কারাগারে বন্দি রয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। গত ২২ সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের দু'কর্মকর্তা সুব্রত বাইনকে পিছু ধাওয়া করে নেপাল সীমান্তের কাকরভিটা শহরে ঢুকে পড়লে সেখানকার পুলিশ তিনজনকেই গ্রেপ্তার করে। এর এক সপ্তাহ পর নেপালে ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপে ছাড়া পায় কলকাতা পুলিশের দু'কর্মকর্তা। সুব্রত বাইনকে প্রকাশ্যে অশোভন আচরণের (নুইসেন্স ইন পাবলিক) দায়ে পূর্ব নেপালের ভাদ্রপুর জেলে রাখা হয়েছে। গত বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা আসার পর ২০০১ সালে স্বরাস্ট্র মন্ত্রণালয় ২৩ শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। এদের মধ্যে ঢাকার অপরাধ জগতের তখনকার প্রভাবশালী সেভেন স্টার গ্র"পের প্রধান সুব্র্রত বাইনও রয়েছে। ঢাকার পুলিশের তথ্যানুযায়ী, এদের মধ্যে সাতজন জেলে রয়েছে। দু'জন জামিনে ছাড়া পেয়েছে। দু'জন ক্রসফায়ার ও গণপিটুনিতে নিহত হয়েছে এবং ১২ জন পলাতক রয়েছে। স্থানীয় নেপালী সাংবাদিক উমাকান্ত জানিয়েছেন, সুব্রত বাইন নেপালের পুলিশকে বিভ্রান্ত করে ফেলেছে। সে এর মধ্যেই নেপালের একটি 'নাগরিকত্ব সনদ' যোগাড় করে পুলিশের কাছে উপস্থাপন করেছে। সুব্রতের পূর্ব কর্মকাণ্ড সম্পর্কে নেপালের পুলিশের কোনও ধারণা না থাকায় এখন তারা তাকে একজন স্থানীয় কালোবাজারি হিসেবে দেখছে। তাদের ধারণা, ভারতীয় পুলিশের সঙ্গে ঘুষের অর্থ নিয়ে বনিবনা না হওয়ায় তাকে ধাওয়া করে নেপাল সীমান্তের ভেতরে নিয়ে যায়। প্রকাশ্যে অশোভন আচরণের সাজা হিসেবে সুব্রতকে আর মাত্র কয়েকদিন ভাদ্রপুর জেলে থাকতে হবে। এরপরই সে ছাড়া পেয়ে যাবে বলে জানিয়েছেন সাংবাদিক উমাকান্ত। উমাকান্ত জানান, এখন পর্যন্ত কাঠমান্ডু বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সুব্রতকে ফেরত নেওয়ার বিষয়ে কোনও রকম যোগাযোগ করা হয়নি। কলকাতার স্পেশাল টাস্কফোর্স সেখানকার কারাইয়া থেকে গত বছরের ১৩ অক্টোবর সুব্রতকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কলকাতায় অস্ত্র ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলাও করা হয়। ওই মামলায় চলতি বছরের ৬ জানুয়ারি জামিনে ছাড়া পেয়ে বের হয়ে আসে সুব্রত। কলকাতায় সুব্রতের আইনজীবী লালন সিং জানান, গ্রেপ্তারের ৬০ দিনের মধ্যে কলকাতা পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্র দিতে না পারায় তার জামিন হয়ে যায়। ঢাকার পুলিশ জানায়, সুব্রত বাইন ঢাকার ভয়ঙ্কর সন্ত্রাসীদের অন্যতম। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ রয়েছে। ১৯৯১ সালে নগরীর আগারগাঁও এলাকায় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ হত্যার মধ্য দিয়ে তার সন্ত্রাস জীবনের উত্থান শুরু হয়। ২০০৩ সালের দিকে পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর তৎপরতা বেড়ে গেলে সে ভারতে গিয়ে গা ঢাকা দেয়। ভারতের নদীয়া, চব্বিশ পরগনা জেলায় সে মৎস্য খামারসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে এবং সেখানে সম্পত্তিও কিনেছে। এছাড়া সে ভারতের জাতীয় ভোটার পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড ইত্যাদি যোগাড় করে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণের চেষ্টা চালিয়েছে। তবে গত বছর গ্রেপ্তারের আগে সুব্রত নেপালে ঘাঁটি গাড়ার চেষ্টা করছিল বলে ভারতের পুলিশ জানিয়েছে। ঢাকার স্বরাস্ট্র মন্ত্রণালয় যে ২৩ শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে তারা হলো: মো. হারিস আহমেদ ওরফে হারেস, মো. ইমাম হোসেন, মো. জব্বার মুন্না, মো. কালা জাহাঙ্গীর, মো. জাফর আহমেদ মানিক, প্রকাশ কুমার বিশ্বাস, মো. মোল্লা মাসুদ, মো. শামীম আহমেদ ওরফে আগা শামীম, ত্রিমতি সুব্রত বাইন, খন্দকার তানভীর ইসলাম ওরফে জয়, আমিনুর রসুল সাগর ওরফে টোকাই সাগর, ইমানুল হোসেন ওরফে হেলাল ওরফে পিচ্চি হেলাল, মো. কামরুল হাসান হান্নান, মো. নাঈম আহমেদ ওরফে টিটন, সোহেল ওরফে ফ্রিডম সোহেল, খোরশেদ আলম ওরফে রাসু, মো. আব্বাস ওরফে কিলার আব্বাস, মো. কামাল পাশা, মো. আরমান, মশিউর রহমান ওরফে কচি, মো. লিয়াকত, মো. হান্নান ওরফে পিচ্চি হান্নান ও মো. আলাউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকেজি/জিএমএ/এসএইচ/১৮৫৫ ঘ.