পাবনা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সন্ত্রাসীদের গ্রেপ্তারে দলমত বিবেচনা করছে না দাবি করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানিয়েছেন, সন্ত্রাসী আওয়ামী লীগের সদস্য হলে তাকে আগে গ্রেপ্তার করা হবে।
শুক্রবার মৎস্য বিভাগ আয়োজিত পাবনার সাঁথিয়া উপজেলার আম্বুগাড়ি বিলে মাছের পোনা অবমুক্তকরণ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "সন্ত্রাসীদের গ্রেপ্তারে বর্তমান সরকার দলমত বিবেচনা করছে না। সন্ত্রাসী আওয়ামী লীগের দলীয় সদস্য হলে তাকে আগে গ্রেপ্তার করা হবে।"
সরকার হাওর-বাঁওড় ও বিল-জলাশয় সংস্কার করে মাছ চাষের উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান।
জেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান নিজামুদ্দিন, বেড়া উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুল হক আরজু, মোজাম্মেল হক খান, আল মাহমুদ দেলো, ফজলুর রহমান মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।
এরপর প্রতিমন্ত্রী কাশীনাথপুর ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে দুস্থদের মাঝে কাপড় বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৮২৫ ঘ.
bdnews24