২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ডাকাতের গুলিতে একজন নিহত

মৌলভীবাজারের রাজনগরে গঙ্গাদেশেরগুল গ্রামে শুক্রবার ভোররাতে ডাকাতের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 11:36 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

মৌলভীবাজার, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের রাজনগরে গঙ্গাদেশেরগুল গ্রামে শুক্রবার ভোররাতে ডাকাতের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। নিহতের নাম দুদু মিয়া (৩৫)। আহতরা হলেন- নানু মিয়া (৩৫), শানুর মিয়া (১৮) ও হান্নান মিয়া (২৫)। আহতদের রাজনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জামাল মিয়া নামে সন্দেভাজন একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুকের বাট উদ্ধার করেছে । ঘটনাস্থল পরিদর্শন করে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট শ্যামল কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোররাতে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের গঙ্গাদাশেরগুল গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী ওয়াতির আলীর বাড়িতে তালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে একদল মুখোশধারী ডাকাত। এ সময় ওয়াতির আলীর চিৎকারে গ্রামবাসী ছুটে এসে ডাকাতদের ধাওয়া করলে তারা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। তিনি জানান, পরে গ্রামবাসি জামাল মিয়া (২৭) নামে একজনকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করে রাজনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে। তার বাড়ি পাশ্ববর্তী হলদিরগুল গ্রামে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা শ্যামল কুমার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩০ ঘ.