সাতক্ষীরা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে কয়েকজন হজযাত্রীকে বৃহস্পতিবার মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়া হয়েছে।
বিষয়টি তদন্তের জন্য সিভিল সার্জন কার্যালয় তিন সদস্যের কমিটি গঠন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, সাতক্ষীরা থেকে ৫৮ জন সরকারিভাবে এবং ২৫০ জন বেসরকারিভাবে এবার হজে যাবেন। সকাল ১০টা থেকে সিভিল সার্জন কার্যালয়ে তাদের মেনিনজাইটিস এবং সোয়াইন ফ্লু'র টিকা দেওয়া শুরু হয়। মেয়াদোত্তীর্ণ এসব টিকা ১০/১২ জনকে দেওয়ার পর বিষয়টি জানাজানি হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী সোহরাব হোসেন বলেন, তারা ধারণা করতে পারেননি যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরবরাহ করা টিকার মধ্যে মেয়াদীর্ণ থাকতে পারে।
এ ব্যাপারে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. এবাদুল্লাহ জানান, বিষয়টি জানার পরপরই সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী সোহরাব হোসেন, ডা. হাবিবুর রহমান ও জনস্বাস্থ্য বিভাগের গীতারানী পাল সমন্বয়ে ৩ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে।
তিন মাস মেয়াদোত্তীর্ণ এসব টিকা দেওয়ায় কোনো অসুবিধা হবে না জানিয়ে তিনি বলেন, হজ যাত্রীদের এ ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
এদিকে হজযাত্রী শহরের সুলতানপুর এলাকার আব্দুল আজিজ, পুরাতন সাতক্ষীরার হাফিজুর রহমান ও কলারোয়া উপজেলা সদরের ফিরোজা বেগম তাদের মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়া হয়েছে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24