ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশে শিশুরা ব্যাপকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও কর্মক্ষেত্রে শারীরিক শাস্তির শিকার হয়।
শিশুদের ৯১ শতাংশ বিদ্যালয়ে, ৭৪ শতাংশ বাসা-বাড়িতে ও ৬৫ শতাংশ কর্মক্ষেত্রে শারিরীক শাস্তি ভোগ করে।
সরকার ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত 'শিশুদের মতামত জরিপ-২০০৮' শীর্ষক এক গবেষণা প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এ প্রকাশনার উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী ও বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি ক্যারল ডি রায়।
২০০৮ সালে দেশের মোট তিন হাজার আটশ' ৪০ জন শিশুর ওপর এ জরিপ চালানো হয়।
জরিপের ফলাফলে দেখা যায়, বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিশুদের শাস্তি দেওয়ার হার সবচেয়ে বেশি (৯১ শতাংশ)। এ ক্ষেত্রে লাঠি বা বেত ব্যবহারের হার সবচেয়ে বেশি (৮৭ দশমিক ৬ শতাংশ) বলে শিক্ষার্থীরা জানিয়েছে।
শহর ও বস্তি এলাকায় শাস্তির ফলে শিক্ষার্থীদের শরীর কেটে যাওয়া বা আঘাতের ঘটনাও ঘটে বলে জরিপে উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, বিদ্যালয়ে ৯ থেকে ১৩ বছর বয়সী ছেলে শিশুরা বেশি (৯৮ শতাংশ) ও ১৪ থেকে ১৮ বছর বয়সী মেয়ে শিশুরা কম (৮১ শতাংশ)
শাস্তির শিকার হয়।
শিশুর পরিবারের আর্থিক অবস্থার সঙ্গে শাস্তির একটি সম্পর্ক রয়েছে বলেও প্রতিবেদনে মন্তব্য করে বলা হয়, দরিদ্র পরিবারের শিশুরাই বেশি শাস্তির শিকার হয়।
জরিপে অংশগ্রহণকারী প্রায় এক-তৃতীয়াংশ শিশু জানিয়েছে, পরিবারেও শিশুরা ব্যাপক শাস্তির মুখোমুখি হয়। কর্মজীবী শিশুদের একটি বড়ো অংশ (৬৫ শতাংশ) কর্মস্থলে শাস্তি পাওয়ার কথা বলেছে। এক্ষেত্রে বড় ধরনের শারীরিক শাস্তির কথা বলেছে ২৫ শতাংশ শিশু।
আলোচনা শেষে প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, "দেশে শিশুদের ওপর শারিরীক নির্যাতনের হার অনেক বেশি।"
এ বাস্তবতা ভয়াবহ না হলেও উদ্বেগজনক বলে মন্তব্য করে তিনি বলেন, "যে কোন উপায়ে আমাদের এ উদ্বেগ দূর করতে হবে।"
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "চাইলেও একদিনে দেশে শিশু শ্রম বন্ধ করা সম্ভব নয়। পর্যায়ক্রমে শিশু শ্রম তুলে দিতে উপবৃত্তি কিংবা অন্য কোন উপায়ে তাদের শিক্ষাঙ্গনে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।"
জাতীয় শিশু নীতি যুগপোযোগী করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, " এজন্য কর্মপরিকল্পনার কাজ চলছে। শিশুদের ওপর নির্যাতন রোধে সর্বস্তরের নাগরিকের মানসিকতার পরিবর্তনে সচেতনতা বাড়াতে হবে।"
২০০৬ সাল থেকে দেশে শিশু নির্যাতন রোধে ব্যাপক উদ্যোগ নেওয়া হলেও তা কমার বদলে আরও বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ হার কেন কমল না- তা খতিয়ে দেখে বর্তমান কর্মপরিকল্পনায় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, শুধু নীতি ও আইন থাকলেই চলবে না, নির্যাতন রোধে পর্যবেক্ষণ বাড়াতে হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রোকেয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের শিশু অধিকার প্রকল্পের পরিচালক ওসমান গনি তালুকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএইচ/১৭৫৩ ঘ.
bdnews24