২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে কোরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে জামালপুর শহরের পাথালিয়া এলাকা থেকে বুধবার দুপুরে স্ত্রীসহ এক দক্ষিণ কোরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২০টি পাসপোর্ট উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 07:16 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

জামালপুর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে জামালপুর শহরের পাথালিয়া এলাকা থেকে বুধবার দুপুরে স্ত্রীসহ এক দক্ষিণ কোরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২০টি পাসপোর্ট উদ্ধার করা হয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বরাত দিয়ে তিনি বলেন, দক্ষিণ কোরীয় নাগরিক চৈ চুন কুন ওরফে মৌ মিন (৬০) সেদেশে লোক পাঠানোর কথা বলে ঢাকার আশুলিয়ার ২০ জনের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা নেন। এই ঘটনায় ছানোয়ার হোসেন নামে এক ব্যক্তি আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। ওসি বলেন, মামলা দায়েরের পর দুই সপ্তাহ ধরে চৈ চুন কুন তার বাংলাদেশী স্ত্রী সেলিনা বেগম (২৮) ও দুই মেয়ে নিয়ে জামালপুর শহরে পাথালিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। উদ্ধার করা পাসপোর্টের মধ্যে একটি নিজের এবং ১৯টি বিভিন্নজনের কাছ থেকে নেওয়া। স্ত্রী ও তাকে জামালপুর সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানায়। গ্রেপ্তার চৈ চুন কুন ও তার স্ত্রী সেলিনা সাংবাদিকদের জানান, থানা পুলিশের ঝামেলা মেটানো এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার আশ্বাস দিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু তাদের কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছে। এ ব্যাপারে ছানোয়ার হোসেন ছানু টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৫ ঘ.