ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকায় আলাদা ঘটনায় বুধবার তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
এরা হলেন পুরান ঢাকার আবুল খয়রাত রোডের স্থানীয় বিএনপি নেতা মো. শাহজাহান (৪৫), গোড়ান বাজারে উঠতি সন্ত্রাসী মো. সোহেল (২৮) এবং কলাবাগানের যুবক মৃনাল ওরফে আকাশ (২৪)।
তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে আটটার দিকে গোড়ান বাজারে গুলিবিদ্ধ হয় সোহেল। জাহিদ নামে একজন তাকে গুলি করেছে বলে জানা গেছে। ২/৩ বছর আগে জাহিদের ভাই সন্ত্রাসীদের হাতে নিহত হয়। ওই ঘটনায় দায়ের মামলার অন্যতম আসামী ছিল সোহেল। তিন মাস আগে জামিনে ছাড়া পায় সে। ধারণা করা হচ্ছে, ভাই হত্যার প্রতিশোধ নিতে জাহিদ এ ঘটনা ঘটিয়েছে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, জমি-জমা বিক্রি সংক্রান্ত লেনদেনের বিরোধে পুরান ঢাকার আবুল খয়রাত রোডে সন্ত্রাসীরা মো. শাহজাহান নামে একজনকে গুলি করে। শাহজাহান ৬৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
এদিকে সন্ত্রাসীরা কলাবাগান এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার সময় জনতার ধাওয়ার মুখে পড়ে। এসময় জনতাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করলে মৃনাল নামে এক যুবক আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/০০২৯ঘ.
bdnews24