ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তুরাগ নদীর অবৈধ ভরাট বন্ধে সরকারের প্রতি নির্দেশ চেয়ে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে হাইকোর্টে একটি আবেদন দায়ের করা হয়েছে।
বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ আবেদনটি দায়ের করেন।
আদালত বৃহস্পতিবার এ আবেদনটির ওপর শুনানির দিন ধার্য করেছে।
আবেদনে বলা হয়েছে, গত ২৫ জুন হাইকোর্ট ঢাকার চারপাশের চারটি নদী-বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু বাঁচাতে সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সরকারের প্রতি বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছিল। হাইকোর্টের এই রায় সত্ত্বেও তুরাগ নদী বালু দিয়ে অবৈধভাবে ভরাট করা হচ্ছে। এ বিষয়ে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার চারপাশের নদী ভরাট বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়ে হাইকোর্ট রায় দিয়েছিল। হাইকোর্টের রায় সত্ত্বেও সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষ্ক্রিয় রয়েছে। এ নিষ্ক্রিয়তার জন্যই তুরাগ নদী বালু দিয়ে অবৈধভাবে ভরাট করা হচ্ছে।
মনজিল মোরসেদ বলেন, তুরাগ নদী অবৈধ ভরাট বন্ধে নির্দেশ চেয়ে এবং অবৈধ ভরাটকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য হাইকোর্টে একটি আবেদন দায়ের করেছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২২৪৫ঘ.
bdnews24