২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দু'জনের লাশ উদ্ধার

রাজধানীর আগারগাঁও ও উত্তর বাড্ডা এলাকা থেকে বুধবার দু'জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আগারগাঁও এলাকা থেকে রিকশাচালক হাবিবুর রহমান (৩৫) ও উত্তর বাড্ডা এলাকা থেকে গৃহবধূ উম্মে সালমা পুতুলের লাশ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 04:33 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীর আগারগাঁও ও উত্তর বাড্ডা এলাকা থেকে বুধবার দু'জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আগারগাঁও এলাকা থেকে রিকশাচালক হাবিবুর রহমান (৩৫) ও উত্তর বাড্ডা এলাকা থেকে গৃহবধূ উম্মে সালমা পুতুলের লাশ উদ্ধার করা হয়। শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, বুধবার সকালে পুলিশ পশ্চিম আগারগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে তার লাশ উদ্ধার করে। হাবিবুর রহমানের বাম পা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। নির্মাণাধীন ওই ভবনে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে অথবা সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। এদিকে নিহতের স্ত্রী সেলিনা আক্তার অভিযোগ করেন, তার স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ এখন তার স্বামীকে হেরোইনসেবী বানাতে চায়। তার স্বামী কখনই মাদকাসক্ত ছিলেন না। বাড্ডা থানার উপ-পরিদর্শক জুলফিকার আলী জানান, উত্তর বাড্ডার ১০১/২ নম্বর বাড়ির নিচতলার বাসার খাটের ওপর থেকে বুধবার সন্ধ্যায় উম্মে সালমা পুতুল (২৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায় নি বলে পুলিশ জানিয়েছে। পুলিশ কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জের ধরে মঙ্গলবার বিষপান করে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার স্বামী বাড্ডার হার্ডওয়্যার ব্যবসায়ী মো. মাসুদ। প্রায় তিন মাস আগে মোবাইল ফোনে প্রেমের সূত্র ধরে তাদের বিয়ে হয়। নিহত পুতুলের বাবা আজিজুর রহমান এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। তাদের গ্রামের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/২২২৯ ঘ.