ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্রাভিনেতা এস এম আসলাম তালুকদার মান্নার মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন প্রয়াতের স্ত্রী শেলী মান্না।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে শেলী মান্না অভিযোগ করেন, "তদন্ত কমিটির সদস্যরা সবাই চিকিৎসক ছিলেন। তাই নিজ পেশার অন্যদের প্রতি পক্ষপাতিত্ব ও সহমর্মিতা দেখিয়ে তদন্তকারীরা সঠিক তদন্ত প্রতিবেদন দেননি।"
তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও মামলা ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
গত বছরের ১৭ ফেব্র"য়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু হয় মান্নার। ওই হাসপাতালের চিকিৎসকদের অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে বলে তখন অভিযোগ করে তার পরিবার।
বিষয়টি তদন্তে ডা. আব্দুল্লাহ আল শাফী মজুমদারকে প্রধান করে একটি কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রায় একমাস তদন্তের পর ২৯ মে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিবেদন জমা দেয় কমিটি।
পরে একই বছরের ১৭ সেপ্টেম্বর মান্নার স্ত্রীর ভাই রেজা কাদের বাদী হয়ে কর্তব্যে অবহেলার অভিযোগে ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে একটি মামলা করেন।
তদন্তকালে কমিটির পক্ষ থেকে তখন কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি বা তাদের পরিবারের কারও বক্তব্য নেওয়া হয়নি বলে অভিযোগ করে শেলী বলেন, "তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকরা মান্নাকে সঠিক চিকিৎসা দিয়েছেন এবং তারা যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু আমরা এ প্রতিবেদন মানতে পারছি না। কারণ, একজন হৃদরোগীকে যে তড়িৎ চিকিৎসা দেওয়া উচিত ছিলো তারা তা দেননি।"
মান্নার পরিবারের সদস্যরা ছাড়া সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, কাজী হায়াৎ, অভিনেতা আহমেদ শরীফ ও নাদের খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এসএইচ/২২১০ ঘ.
bdnews24