ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণখেলাপি হয়েও নির্বাচনে অংশ নেওয়ায় নোয়াখালীর সেনবাগ উপজেলা চেয়ারম্যান কাজী মো. মফিজুর রহমানকে 'কেন অযোগ্য' ঘোষণা করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
উপজেলা পরিষদ আইন অনুযায়ী, কারো কাছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ মেয়াদোত্তীর্ণ অবস্থায় অনাদায়ী থাকলে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বা থাকার যোগ্য হবেন না।
ইসি সচিবালয়ের যুগ্মসচিব এন আই খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার এ নোটিশ পাঠানো হয়েছে।
এর আগে সাংসদ শফিকুল আজম ও কবিরুল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
গত ২২ জানুয়ারি উপজেলা নির্বাচনে অংশ নিয়ে মফিজুর রহমান সেনবাগ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এইচএ/২১৪৬ ঘ.
bdnews24