ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিত্রনায়িকা নারগিস আক্তার নিশির দায়ের করা নারী নির্যাতন মামলায় খালাস পেয়েছেন তার স্বামী সৈয়দ আশরাফুল হক সুমন।
বুধবার দুপুরে ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহবুবুর রহমান এ রায় দেন।
রায় দেওয়ার সময় সুমন আদালতে উপস্থিত ছিলেন। তিনি মিডিয়া প্রতিষ্ঠান "অ্যাড স্রোত" এর স্বত্বাধিকারী।
রায়ের বিবরণে জানা যায়, যৌতুকের দাবিতে মারধরের অভিযোগ এনে নিশি তার স্বামী সুমনের বিরুদ্ধে ২০০৫ সালের ১৮ নভেম্বর উত্তরা থানায় এ মামলা দায়ের করেন।
কিন্তু বাদীপক্ষের সাক্ষীরা পরস্পরবিরোধী সাক্ষ্য দেয় আদালতে। অপরাধ প্রমাণিত না হওয়ায় বিচারক সুমনকে খালাস দেন। বাদীপক্ষে তিনজনের সাক্ষ্য নেওয়া হয়।
সুমন এবং তার আইনজীবী আমিনুল গনি টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নায়িকা নিশি মিথ্যা অভিযোগ এনে সুমনকে অহেতুক হয়রানি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২১২৪ ঘ.
bdnews24