২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিনি মামলায় ১৪ ব্যবসায়ীর আগাম জামিন স্থগিত

অবৈধভাবে চিনি মজুদের অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় যশোরের অভয়নগরের ১৪ ব্যবসায়ীকে হাইকোর্টের দেয়া আগাম জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 10:51 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অবৈধভাবে চিনি মজুদের অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় যশোরের অভয়নগরের ১৪ ব্যবসায়ীকে হাইকোর্টের দেয়া আগাম জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। বুধবার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. মোজাম্মেল হোসেন আগামী রোববার পর্যন্ত তাদের জামিন স্থগিত করেন। ওইদিন আপিল বিভাগের নিয়িমত বেঞ্চে এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। জামিন স্থগিতের আবেদনের ওপর সরকার পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এম কে রহমান। অপর পক্ষে ছিলেন বিচারপতি টি এইচ খান ও ড. এম জহির। মঙ্গলবার বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ ১৪ ব্যবসায়ীকে আগাম জামিন দেয়। ১৪ ব্যবসায়ী হলেন-হাফিজুর রহমান, সফিয়ার রহমান, রফিকুল ইসলাম, মধু সুদন সাহা, অলক কমুার কুন্ডু, সিরাজুল ইসলাম, সারোয়ার হোসেন, আব্দুল ওয়াহাব, আনিসুর রহমান ওরফে বড় আনিস, আনিসুর রহমান ওরফে ছোট আনিস, আব্দুল ওদুদ, রাজু আহমেদ, মো. আমিন ও চিত্তরঞ্জন কুন্ডু। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ১ অক্টোবর মামলা দুটি দায়ের করেন। একটি মামলায় ৩ হাজার ৯১০ বস্তা এবং অপর মামলায় ৬৭ হাজার ১০০ বস্তা চিনি অবৈধভাবে মজুদ রাখার অভিযোগ আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৬৪৭ ঘ.