ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাত অধ্যাপকের অব্যাহতির আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
গত ২৯ সেপ্টেম্বর ১১ অধ্যাপককে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে সাতজন রোববার বিকেলে বিচারপতি মো. তারিক উল হাকিম ও বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চে আলাদা রিট আবেদন দায়ের করেন।
তাদের রিট আবেদনে হাইকোর্ট স্থিতাবস্থারও নির্দেশ দিয়েছে।
আদেশের পর আবেদনকারীদের পক্ষের আইজীবী ব্যারিস্টার রফিক-উল-হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত পক্ষদের স্থিতাবস্থা বজায় রাখার নিদের্শ দিয়েছেন। এর অর্থ, এই অধ্যাপকেরা কাজ করছেন, কাজ করবেন।"
তিনি আরও বলেন, "তারা আজকেও রোগী দেখেছেন। প্রেসক্রিপশন দিয়েছেন। আদালতের সামনে এগুলো উপস্থাপন করেছি।"
বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানজিব উল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট স্থিতাবস্থার নির্দেশ দিয়েছেন। এই সাত অধ্যাপক ১ অক্টোবর থেকে অফিস করছেন না।"
শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে অংশ নেন ব্যারিস্টার রফিক-উল-হক, সরকার পক্ষে অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে তানজিব উল আলম।
রিট আবেদনকারীরা হলেন অধ্যাপক মো. জাহাঙ্গীর কবির, অধ্যাপক নাসিম আহমেদ চৌধুরী, অধ্যাপক মো. মতিউর রহমান মোল্লা, অধ্যাপক মো. শহীদুল আলম খান, অধ্যাপক মো. আবুল কাশেম চৌধুরী, অধ্যাপক শরীফ হাসান ও অধ্যাপক সায়েবা আক্তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসএইচ/১৬১৬ ঘ.
bdnews24