ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে পাইলটদের চাকরির বয়সসীমা বাড়িয়ে বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মতিন আইন ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছে সংসদীয় তদন্ত কমিটি। এ জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে।
নৌ উপদেষ্টা থাকাকালীন মতিনের 'অনিয়ম' তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি দুটি তদন্ত কমিটি গঠন করে। একটি কমিটি দরপত্রে অনিয়মের জন্য মতিনের বিরুদ্ধে মামলার সুপারিশ করে। ওই বিষয়টি বর্তমানে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে।
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূরে আলম চৌধুরী লিটন বুধবার সংসদীয় কমিটির সভার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত কমিটি (দ্বিতীয়) প্রমাণ পেয়েছে, বন্দরের পাইলটদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৬০ এ উন্নীত করার ক্ষেত্রে এম এ মতিন সরকারি চাকুরেদের অবসরের আইন লঙ্ঘন করেছেন।"
তদন্ত কমিটি বুধবারই তাদের প্রতিবেদন জমা দেয়।
তদন্তু কমিটি মতিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জানিয়ে লিটন বলেন, "এ প্রতিবদন নিয়ে সংসদীয় কমিটির আগামী সভায় আলোচনা হবে।"
তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান মতিন অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।
চট্টগ্রাম বন্দরের সিসিটিতে দরপত্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত দুর্নীতি দমন কমিশনের তদন্ত কমিটি গত সপ্তাহে চট্টগ্রামে মতিনসহ মোট ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করে। বন্দরের ২১টি নথিও জব্দ করেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৪৩৫ ঘ.
bdnews24