২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় ঝিনাইদহের সাবেক সাংসদ মসিউরের বিরুদ্ধে অভিযোগপত্র

অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলায় ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক মসিউর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 07:20 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঝিনাইদহ, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলায় ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক মসিউর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সাবেক এ সাংসদের বিরুদ্ধে ৫ কোটি ৯১ লাখ ১২ হাজার ১৩৩ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১০ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের যশোর কার্যালয়ের উপপরিচালক নাসিরউদ্দিন বুধবার ঝিনাইদহ বিচার বিভাগীয় হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দুর্নীতি দমন কমিশনের নোটিশ পেয়ে মসিউর তার সম্পদের তথ্য কমিশনে জমা দিয়েছিলেন। তবে তাতে অসঙ্গতি থাকায় ২০০৮ সালের ১৪ ডিসেম্বর মসিউরের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন কমিশনের সহকারী পরিচালক মোশারফ হোসেন। মামলার তদন্ত শেষে বুধবার অভিযোগপত্র দেওয়া হলো। নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মসিউর রহমানের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই বাছাই করে দেখা যায়, তিনি ৫ কোটি ৯১ লাখ ১২ হাজার ১৩৩ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভুত ১০ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩১০ ঘ.