ঢাকা অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) প্যানেল নিয়ে উদ্বেগ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
সংগঠনটির অনেকের অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবে ঢাকা সেন্ট্রাল কাউন্সিলের ১০২টি পদ থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সকল সদস্যর নাম বাদ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিএমএ ভবনে নির্বাচনে যোগ্য প্রার্থীদের তালিকা টাঙিয়ে দেওয়ার পরে দেখা যায় ঢাকা সেন্ট্রাল কাউন্সিলের ১০২টি পদে স্বাচিপ এর কারো নাম নেই।
আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকেরা দাবি করেছেন, 'গ্র"পিং ও পরিকল্পিতভাবে' আওয়ামীপন্থী চিকিৎসকদের নাম বাদ দেওয়া হয়েছে।
তবে বিএমএ নির্বাচন কমিশনের দাবি, 'করণিক ভুলের কারণে' এ ঘটনা ঘটেছে এবং তারা এটি সংশোধনের উদ্যোগ নিচ্ছেন।
বিএনপি সমর্থিত ড্যাব বলেছে, চূড়ান্ত তালিকা টাঙিয়ে দেওয়ার পরে সেটি আর সংশোধন করা যায় না। এটি করা হলে তারা প্রতিরোধ করবে।
ইমাম হোসেন ও আবদুর রউফ নামের দুইজন চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিকল্পিতভাবে বিএনপি-জামাত জোটের হাতে চিকিৎসকদের সংগঠনকে ছেড়ে দেওয়ার জন্যে আওয়ামী পন্থী চিকিৎসকদের নাম বাদ দেওয়া হয়েছে। এতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের একটি গ্র"প জড়িত রয়েছে।"
ডাক্তারদের এই সংগঠনের প্যানেল সাধারণত রাজনৈতিক দলের শীর্ষ পর্যায় থেকে চূড়ান্ত করা হয়ে থাকে। যে ডাক্তারদের নাম চূড়ান্ত করা হয়, তারা ছাড়া বাকিরা পরে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
এ বছর ৩ অক্টোবর ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে স্বাচিপ প্যানেলের গুরুত্বপূর্ণ তিনটি পদ ঠিক করে দেওয়া হয়। বাকি পদগুলো আলোচনার ভিত্তিতে নিজেদের ঠিক করে নেওয়ার কথা। কিন্তু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্তসমঝোতা না হওয়ায় সরকারের একজন শীর্ষ নেতা হস্তক্ষেপ করেন।
ওই নেতা সবার মনোনয়ন প্রত্যাহারের আবেদনপত্র নিয়ে শেষদিন রাত ৮টায় বিএমএ নির্বাচন কমিশনে যান।
ডা. অমল নামের একজন চিকিৎসক জানান, সেখানে মাহমুদ হাসান, শরফুদ্দিন আহমেদ ও এমএ আজিজ এই তিনটি নাম ঠিক রেখে ৪০ জনের একটি প্যানেল জমা দেওয়া হয়। এ ব্যাপারে ওই তিন শীর্ষ প্রার্থীর সঙ্গে কোনরকম আলোচনা করা হয়নি বলে তিনি জানান।
প্যানেলের বাকি ৩৭ জন 'সংস্কারপন্থী' হিসাবেই পরিচিত। এই প্যানেলে যাতে কোন পরিবর্তন আনা না যায়, সে জন্যে আওয়ামী লীগ সমর্থক সব চিকিৎসকের আবেদনই তুলে ফেলা হয়। ফলে নির্বাহী কমিটির ৪০টি পদ ছাড়া ঢাকা, ময়মনসিংহ ও নোয়াখালীর সেন্ট্রাল কাউন্সিলরের ১০২টি পদে আওয়ামী লীগ সমর্থক কোন চিকিৎসক প্রার্থী নেই।
এ প্রসঙ্গে স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. ইকবাল আরসালান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মনোনয়ন আসলে তুলে ফেলা হয়নি। নির্বাচন কমিশনের ভুলে এটি ঘটেছে। তারা চূড়ান্ত তালিকা তৈরি করার সময় আমাদের গ্র"পের লোকজনের নাম বাদ পড়ে গেছে। তারা (নির্বাচন কমিশন) আমাকে জানিয়েছেন, শীঘ্রই ভুলটির সংশোধন করে নতুন তালিকা ঘোষণা করা হবে।"
স্বাচিপ এর প্যানেলটি বিভিন্ন সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানে ফ্যাক্স করে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এটি 'ভিত্তিহীন' বলে দাবি করেছে স্বাধীনতা চিকিৎসক প্যানেলের উভয় গ্র"পই। তবে ওই ৪০ জনের নামই বিএমএ ইসি ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকাতে রয়েছে।
এদিকে আওয়ামী লীগ সমর্থিত তালিকায় প্রার্থী না থাকায় এই ১০২টি পদে একচেটিয়া অবস্থানে রয়েছে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাব ও জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টর ফোরাম। এর আগের তারা যৌথ প্যানেল দিলেও এবার আলাদা প্যানেল ঘোষণা করেছে।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্যানেলে যুগ্ম মহাসচিব প্রার্থী এ কে এম আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একবার চূড়ান্ত প্রার্থী তালিকা ঝুলিয়ে দেওয়ার পরে এখানে আর পরিবর্তন আনার সুযোগ নেই। যদি সেটা করা হয়, তা হবে সংগঠনের সংবিধান পরিপন্থী। প্রার্থী তালিকায় কোনরকম পরিবতর্ন আনা আমরা প্রতিরোধ করব।"
নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক নেতা জানান, নির্বাচন কমিশনে তালিকা ঝুলিয়ে দেওয়ার পরই স্বাস্থ্যমন্ত্রী ও সরকারের উর্ধ্বতন নেতারা আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে নতুন করে কমিশনে কিভাবে নাম অর্ন্তভুক্ত করা যায় সে বিষয়ে আলোচনা হয়।
মঙ্গলবার সারাদিনই মোবাইল বন্ধ রাখার কারণে নির্বাচন কমিশনের কোন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৫৬ঘ.
bdnews24