ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা আরিফুল ইসলাম আরিফকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলায় তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আরিফুর রহমান এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী সুপারিনটেনডেন্ট ইউসুফ আলী মোল্লা আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
এদিন আরিফকে কারাগার থেকে আদালতে আনা হলে রিমান্ড প্রতিবেদনের পক্ষে আদালতে বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান আসাদ, মামলার বাদি খোকন সাহা ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান।
অন্যদিকে আরিফের পক্ষে মহসীন মিয়া, সানাউল্লাহ মিয়া ও গোলাম মোস্তফা খানসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করে শুনানিতে অংশ নেন।
তাকে রাজনৈতিকভাবে হয়রানির জন্য এ মামলায় জড়ানো হয়েছে বলে আরিফের আইনজীবীরা দাবি করেন।
এর আগে এ মামলায় বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারসহ ২৬ জনকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু পরে মামলাটি আবার পুনরুজ্জীবিত করা হয়।
২০০১ সালের ১৬ জুন রাতে নারায়ণগঞ্জের চাষাড়ায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হয়।
ঢাকা সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফকে গত ১৫ সেপ্টেম্বর তার মালিবাগের বাসা থেকে সিআইডি সদস্যরা আটক করে।
পরে তাকে পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় তিন দফায় পাঁচ দিন রিমান্ডে নেয় সিআইডি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিবি/এএনএস/এইচএ/০১২৩ ঘ.
bdnews24