চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কূটনৈতিকভাবে সরকার আরও তৎপর না হলে দ্বিগুণ আয়তনের সমুদ্রসীমা বাংলাদেশ হারাবে বলে এক কর্মশালায় বক্তরা অভিমত ব্যক্ত করেছেন।
মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ এ কর্মশালার আয়োজন করে।
এতে নৌ-বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক (কমডোর কমান্ডিং) এম এম রাজীব বলেন, "স্বাধীনতার পর বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে সব সরকারের 'ধীরে চল নীতি ও অনভিজ্ঞতার কারণে' আইনগতভাবে যৌক্তিক অধিকারের এই সমুদ্রসীমা নিয়ে বাংলাদেশ এখন সমস্যায় পড়েছে।"
১৯৭৪ সালে বাংলাদেশই প্রথম মেরিটাইম আইন পাস করে উল্লেখ করে এম এম রাজীব বলেন, ভারত ১৯৭৬ ও মিয়ানমার ১৯৭৭ সালে এ আইন পাস করে। তাই শুরুতেই দেশের সমুদ্রসীমা নির্ধারণের উদ্যোগ নেওয়া হলে আজকের এই সমস্যা হতো না। আইন করার পর সরকার সমুদ্রসীমা নির্ধারণে ২০০১ সালে প্রাথমিক প্রচেষ্টা নিলেও বিষয়টিতে জোর দিয়েছে ২০০৮ সাল থেকে।
'দ্য প্রবলেম অব ডিলিমিটেশন অব বাংলাদেশ মেরিটাইম বাউন্ডারিজ উইথ ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার' শীর্ষক গবেষণা প্রকল্পের গবেষক নৌ-বাহিনীর কমান্ডার ইয়াদুল ইসলাম এ ব্যাপারে বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমডোর এম খুরশিদ আলম বলেন, "এ গবেষণা প্রকল্পের বিষয়বস্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এর আলোকেই সমুদ্রসীমা নিয়ে সমস্যার সমাধানে বাংলাদেশ প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসবে।"
প্রকল্প গবেষক কমান্ডার ইয়াদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ ন্যায় বিচার ও সমবণ্টন পদ্ধতি (ইক্যুইটেবল মেথড) অনুযায়ী সমুদ্রসীমা দাবি করছে। আর ভারত ও মিয়ানমার দাবি করছে সমদূরত্ব পদ্ধতিতে (ইক্যুইডিসটেন্স মেথড)। দাবি করা পদ্ধতিতে ২ লাখ ৭০ হাজার বর্গমাইল সমুদ্রসীমা পাবে বাংলাদেশ। আর ভারত ও মিয়ানমারের দাবি করা পদ্ধতিতে বাংলাদেশ এর তিন ভাগের একভাগ পাবে।
তিনি বলেন, আন্তর্জাতিক সমুদ্র আইন ১৯৮২ অনুযায়ী ভারতের দাবি করা পদ্ধতিটি কার্যকর হয় দুটি সামনা-সামনি দেশের ক্ষেত্রে। পাশাপাশি দেশগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। বাংলাদেশ, ভারত ও মিয়ানমার পাশাপাশি দেশ। এক্ষেত্রে বাংলাদেশের দাবি করা সমবণ্টন পদ্ধতি কার্যকর। কিন্তু ভারত ও মিয়ানমার তা মানতে নারাজ।
নৌ-বাহিনী কর্মকর্তা ইয়াদুল আরও বলেন, "বাংলাদেশের এই সমুদ্রসীমা পরিমাপে বেইজ লাইন থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত এক্সক্লুসিভ ইকনোমিক জোনের অধিকার নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই।"
তিনি বলেন, এটা ভারত ও মিয়ানমারকে জানিয়েই করতে হবে। তবে এর বাইরে বেইজ লাইন থেকে ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপান জাতিসংঘ ঠিক করে দেবে। সে বিষয়েও পর্যাপ্ত তথ্য-উপাত্তসহ ২০১১ সালের ২৭ আগষ্টের মধ্যে আমাদের দাবি জানাতে হবে।
চবি আইন অনুষদের ডিন অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে অংশ নেন আইন কমিশনের সদস্য অধ্যাপক শাহ আলম, আইন অনুষদের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক, মেরিন ফিশারিজ একাডেমির কমান্ডেন্ট এ টি জি এম সরকার, হাইড্রোগ্রাফিক ও ওশেনোগ্রাফিক সেন্টারের পরিচালক কমান্ডার এম এন জি মুক্তাদির ও চবি মেরিন সায়েন্স ইনস্টিটিউটের পরিচালক ড. রাশেদ উন নবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এফআই/এএনএস/এএল/এইচএ/২৩৫৮ ঘ.
bdnews24