২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ব্যবসায়ীকে কুপিয়ে ১১ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মৎস্য ভবন এলাকায় মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে সন্ত্রাসীরা ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 06:31 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মৎস্য ভবন এলাকায় মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে সন্ত্রাসীরা ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিজানুর কাঁটাবন মার্কেটে ব্রাদার্স ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের মালিক। তার বন্ধু আব্দুল আউয়াল বলেন, "সোমবার বিকেলে ধানমণ্ডির রাইফেলস্ স্কয়ারে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ১১ লাখ টাকা তুলে মতিঝিলের একটি মানি এক্সচেঞ্জে যাওয়ার পথে মিজানুর ছিনতাইয়ের শিকার হন।" তিনি আরো জানান, শাহবাগের মৎস্য ভবন এলাকায় চালক গতি কমিয়ে দিলে দুই যুবক সিএনজি অটোরিকশায় উঠে তাকে মারধর এবং হাতে ও পিঠে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গণপূর্ত ভবনের মাঝামাঝি স্থানে রাস্তার পাশে ফেলে যায়। সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে শাহবাগের বারডেম হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার ভোরে তিনি জ্ঞান ফিরে পান। আউয়াল অভিযোগ করেন, টেলিফোনে শাহবাগ থানায় জানানো হলেও পুলিশ এ বিষয়ে গুরুত্ব দেয়নি। এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, রাত সাড়ে ১০টা পর্যন্ত এ বিষয়ে কেউ তার কাছে কোনো অভিযোগ করেনি। তাকে কেউ বিষয়টি জানায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এইচএ/২৩৫৭ ঘ.