চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মঙ্গলবার সকালে পণ্যবাহী দুটি বিদেশী জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সকাল সাড়ে দশটার দিকে বন্দরের বহির্নোঙরের চার্লি অ্যাংকরেজের কাছে পানামার পতাকাবাহী এমভি ফ্রাংক জি জিয়ান ও মঙ্গোলিয়ান পতাকাবাহী এম ভি গ্রিন ওশেন এর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বন্দরের রেডিও কন্ট্রোল রুমের কর্মকর্তারা জানান, সংঘর্ষের ফলে এমভি গ্রিন ওশেনের একটি হ্যাচ ফেটে গিয়ে পানি ঢুকলেও তাৎক্ষণিকভাবে পাম্প করে পানি সরিয়ে ফেলা হয়। তবে জাহাজ দুটির ক্রুরা অক্ষত আছেন।
বন্দরের রেডিও কন্ট্রোল কর্মকর্তা মঞ্জুর পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরে ঢোকার সময় স্ক্র্যাপ জাহাজ ফ্রাংক জি জিয়াং বহির্নোঙরের চার্লি অ্যাংকরেজে সারবাহী জাহাজ এমভি গ্রিন ওশেনকে ধাক্কা দেয়।
মঞ্জুর পারভেজ আরও জানান, দুর্ঘটনার পর বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। জাহাজ দুটি বর্তমানে বহির্নোঙরে অবস্থান করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২৩৩৯ ঘ.
bdnews24