ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সম্পর্কিত প্রতিবেদনের ক্ষেত্রে প্রচার মাধ্যমকে আরো সর্তক হওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেছেন, আগামীতে সংসদ ও গণতন্ত্র না থাকলে সংবাদ মাধ্যমের স্বাধীনতাও থাকবে না।
জাতীয় সংসদে মঙ্গলবার ইউনিয়ন পরিষদ বিল পাস করার সময় সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "আগামীতে যেন সর্তকতা অবলম্বন করে সংসদের প্রতিবেদন প্রকাশ করা হয়। আগামীতে সংসদ ও গণতন্ত্র না থাকলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকবে না। সংবাদ মাধ্যমের স্বাধীনভাবে টিকে থাকার জন্য এই সংসদের প্রয়োজন।"
গত সোমবার সিটি কর্পোরেশন আইন পাস হয়। এই আইন অনুযায়ী সিটি কর্পোরেশনে সাংসদরা উপদেষ্টা থাকছেন না। মঙ্গলবার বেশ কয়েকটি সংবাদপত্রে বলা হয় যে, সাংসদরা সিটি কর্পোরেশনের উপদেষ্টা 'হতে পারলেন না'।
এর আগে স্থানীয় সরকার সম্পর্কিত স্থায়ী কমিটি বিলটি বাছাই করতে গিয়ে সাংসদদের উপদেষ্টা হিসাবে রাখার প্রস্তাব করে। তবে সংসদে উত্থাপিত বিলে এই বিধান ছিল না। বিলটি পাস করার আগে সরকারি দলের এক সাংসদ সিটি কর্পোরেশনের উপদেষ্টা পদ থেকে সাংসদদের বাদ দিয়ে সংশোধনী প্রস্তাব আনেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এসকে/২৩৩৭ঘ.
bdnews24