মুন্সীগঞ্জ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ জানালে উত্যক্তকারীর হামলায় মঙ্গলবার বিকেলে অন্তত ৩৫ জন আহত হয়েছে।
এদের মধ্যে সেতু (১৪), সুমন (২২), সবুজ (১৮), টিটু (১৭), সবুজ (১৮), মিতু (২২), বাদশা ( ২৫), আব্দুর রশীদ (২৮),শামসুল (২০), আজাহার (৩৫) ও মরিয়মকে (২৬) স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে স্থানীয় কয়েকজন বখাটে যুবক লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করে। মেয়েটি ঘটনাটি মাঠে উপস্থিত তার শিক্ষক ও ভাইকে জানালে স্থানীয় এক বয়ষ্ক ব্যক্তি যুবকদের মাঠ থেকে বের করে দেন।
খেলা শেষে তারা বাড়ি যাওয়ার সময় ওই যুবকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এ সময় আক্রান্তরা পাশের হাসপাতালে ঢুকে পড়লে তারা মেয়েটির ভাইসহ হাসপাতালের ডাক্তার-নার্স-রোগীকে ব্যাপক মারধর এবং হাসপাতালের আসবাবপত্র ভাংচুর করে।
পরে লৌহজং উপজেলা নির্বহী কর্মকর্তা মাহামুদুর রহমান হাবীব, সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. ফারুকী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ ব্যাপারে এএসপি মো. ফারুকী জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৫ ঘ.
bdnews24