ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ বিল জাতীয় সংসদে পাস হয়েছে। এর ফলে নির্বাচনে প্রার্থীরা মনোয়ন পত্র দাখিলের আগ পর্যন্ত ঋণ পুনঃতফশিলীকরণের সুযোগ পাবেন।
নির্বাচিত ইউনিয়ন পরিষদের অনুপস্থিতিতে আমলাদের পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার বিধান বিলে রাখা হয়নি।
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ অশরাফুল ইসলাম মঙ্গলবার সংসদের অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব করেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী বিলটি সংসদে পাস হয়। সংসদীয় কমিটি এই বিলের খসড়ায় কিছু পরিবর্তন এনে গত ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে তাদের সুপারিশ চূড়ান্ত করে।
এছাড়া খসড়া বিলে এক বছরের বিল খেলাপিদের প্রার্থিতা বাতিল করার বিধানটিও বাতিল করা হয়। অর্থাৎ ভূমি উন্নয়ন কর, টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস, পানি বা অন্যান্য বিলখেলাপিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গত ১৩ সেপ্টেম্বর খসড়া বিলটি সংসদে উপস্থাপন করেন এবং তা পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলের ১৮ ধারায় বলা হয়, নবগঠিত ইউনিয়ন পরিষদে সরকার আমলাদের প্রশাসক হিসেবে নিয়োগ করতে পারবে।
"নিযুক্ত প্রশাসক ১২০ দিনের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। তবে বিরূপ পরিস্থিতিতে ১২০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হলে তারা নির্বাচন অনুষ্ঠানের জন্য আরও ৬০ দিন সময় পাবেন।"
এছাড়া প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে ব্যক্তিগত তথ্য সম্বলিত হলফনামা দেওয়ার বিধান বিলে রাখা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এসইউএম/এমএইচসি/এএনএস/এইচএ/২২০০ঘ.
bdnews24