২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নতুন কলাবাগান থানার উদ্বোধন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর ভুতের গলিতে নতুন কলাবাগান থানা উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 02:19 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর ভুতের গলিতে নতুন কলাবাগান থানা উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। নতুন এই থানা উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীতে থানার সংখ্যা ৪০-এ উন্নীত হলো। পূর্ব ধানমণ্ডি এলাকা নিয়ে গঠিত এ থানার কার্যক্রম একটি ভবনে সাময়িকভাবে শুরু হয়েছে। নতুন থানা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাহারা খাতুন বলেন, "পুলিশকে মনে রাখতে হবে তারা জনগণের বন্ধু, শত্র" নয়। আপনারা জনগণের বন্ধু হলে সহজেই এলাকার অনেক সমস্যার সমাধান করতে পারবেন।" অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের সমস্যা জানা ও পারস্পরিক সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং একটি কার্যকর ব্যবস্থা। অনুষ্ঠানে জানানো হয়, অচিরেই চালু হবে রাজধানীর ৪১তম গেণ্ডারিয়া থানা। থানার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি পুলিশের গাড়ি ও আধুনিক সরঞ্জাম সরবরাহের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে মন্ত্রী আশ্বাস দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, স্থানীয় সাংসদ শেখ ফজলে নূর তাপস, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক। অধ্যাপক নূরুল ইসলাম বলেন, "যেদিন দেখব, পুলিশ শিশুদের কোলে নিয়ে রাস্তা পার করে দিচ্ছে, অন্ধ বা বৃদ্ধদের হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে; সেদিন বুঝব, পুলিশ জনগণের বন্ধু হতে পেরেছে।" অনুষ্ঠানে স্থানীয় অধিবাসীরা নতুন এই থানার নাম পূর্ব ধানমণ্ডি করার দাবি জানালে স্বরাষ্ট্রমন্ত্রী তা বিবেচনার আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/এইচএ/২০১০ ঘ.