ঝিনাইদহ, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামে সোমবার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক 'চরমপন্থী' নিহত হয়েছেন।
নিহত কোরবান আলির (৪১) বাড়ি উপজেলার বিনোদপুর গ্রামে ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘোষবিলা গ্রামে একদল চরমপন্থী রাত দেড়টার দিকে গোপন বৈঠক করছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় তারা পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে ১৫-২০ মিনিট গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ কোরবান আলিকে উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি শাটার গান, ১০ রাউন্ড গুলি ও দু'টি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।
কোরবান পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) নেতা। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় হত্যাসহ ৬টি মামলা রয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৪৫ ঘ.
bdnews24