২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের হাজীগঞ্জ ও কচুয়ায় আগুনে ১২টি দোকান পুড়ে গেছে

চাঁদপুরের হাজীগঞ্জ ও কচুয়া উপজেলায় রোববার রাতে দু'টি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে হাজীগঞ্জ বাজারে ৫টি এবং কচুয়া উত্তর ইউনিয়নে ৭টি দোকান রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 05:24 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

চাঁদপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জ ও কচুয়া উপজেলায় রোববার রাতে দু'টি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে হাজীগঞ্জ বাজারে ৫টি এবং কচুয়া উত্তর ইউনিয়নে ৭টি দোকান রয়েছে। হাজীগঞ্জে আগুন নেভাতে গিয়ে দুই দমকল কর্মী রাজ্জাক (২৫) ও আবু সাঈদ (২৬) এবং দিলীপ (৫৫) নামের এক ব্যবসায়ী আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। হাজীগঞ্জ দমকল কর্মী নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টার দিকে হাজীগঞ্জ বাজারে আগুন লাগার খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরুপণ করা সম্ভব হয়নি বলে তিনি জানান। এদিকে কচুয়া দমকল কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা গ্রামের আবুল খায়ের মার্কেটে রাত পৌনে ৩টার দিকে আগুন লাগে। এতে মার্কেটের ৭টি দোকান পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দমকল জানায়। দমকলের হিসাবে প্রায় তিন লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হিসাবে অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়েছে বলে দাবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২৩২৪ ঘ.