২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল-গ্যাস রক্ষা কমিটির জাতীয় সম্মেলন ২৪ অক্টোবর

মডেল তেল-গ্যাস বণ্টন চুক্তি (মডেল পিএসসি-২০০৮) বাতিলসহ কয়েক দফা দাবিতে আগামী ২৪ অক্টোবর জাতীয় সম্মেলন কর্মসূচির ঘোষণা দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 05:14 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মডেল তেল-গ্যাস বণ্টন চুক্তি (মডেল পিএসসি-২০০৮) বাতিলসহ কয়েক দফা দাবিতে আগামী ২৪ অক্টোবর জাতীয় সম্মেলন কর্মসূচির ঘোষণা দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সোমবার রাজধানীর পল্টনে মুক্তি ভবনে কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। জাতীয় কমিটির অন্য দাবির মধ্যে রয়েছে- মডেল পিএসসি ২০০৮ এর ভিত্তিতে দু'টি বহুজাতিক কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরে বিরত থাকা অথবা চুক্তি হয়ে গেলে তা বাতিল করা এবং তেল-গ্যাস বণ্টন চুক্তির পক্ষে-বিপক্ষে জনমত যাচাইয়ে দেশব্যাপী গণভোটের আয়োজন করা। এর আগে এসব দাবি বাস্তবায়নে গত ১৪ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় আধা বেলা হরতাল কর্মসূচি পালন করে বামপন্থী কয়েকটি সংগঠনের মোর্চা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ওইদিনই ঘোষিত কর্মসূচিতে জাতীয় কমিটি সরকারকে ১৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেয়। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১৬ অক্টোবর জাতীয় সম্মেলন ডেকে সেখান থেকে হরতাল ও লাগাতার অবরোধসহ পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করারও হুমকি দেয় কমিটি। নতুন মডেল পিএসসির মাধ্যমে তেল-গ্যাস উত্তোলনের জন্য জরুরি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে সোমবারের সংবাদ সম্মেলনে বলা হয়, নতুন ওই বণ্টন চুক্তিতে তেল-গ্যাসের ওপর বাংলাদেশের মালিকানা থাকবে শতভাগ। এছাড়া ফুলবাড়ী ছয় দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং পেট্রোবাংলা ও বাপেক্সকে দুর্নীতিমুক্ত করারও দাবি জানান আয়োজকরা। এসব দাবিতে ২৪ অক্টোবর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় সম্মেলনের আগে দেশের পাঁচটি বিভাগে বিভাগীয় সম্মেলনেরও ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে ৭ অক্টোবর বরিশালে, ৯ অক্টোবর খুলনায়, ১০ অক্টোবর রাজশাহীতে, ১২ অক্টোবর চট্টগ্রামে ও ১৬ অক্টোবর সিলেটে বিভাগীয় সম্মেলন হবে। তবে জাতীয় সম্মেলনের আগেই সরকার চুক্তি স্বাক্ষর করে ফেললে সারা দেশে কালো পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আনু মুহাম্মদ, সৈয়দ আবুল মকসুদ, প্রকৌশলী ইনামুল হক, মুজাহিদুল ইসলাম সেলিম, বিমল বিশ্বাস, হায়দার আকবর খান রনো, রুহিন হোসেন প্রিন্স ও বজলুর রশীদ ফিরোজ। এর আগে এসব দাবি বাস্তবায়নে গত ১৪ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় আধা বেলা হরতাল কর্মসূচি পালন করে বামপন্থী কয়েকটি সংগঠনের মোর্চা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ওইদিনই ঘোষিত কর্মসূচিতে জাতীয় কমিটি সরকারকে ১৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেয়। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১৬ অক্টোবর জাতীয় সম্মেলন ডেকে সেখান থেকে হরতাল ও লাগাতার অবরোধসহ পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করারও হুমকি দেয় জাতীয় কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এসএইচ/২৩১৪ ঘ.