ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর বায়ু দূষণমুক্ত ও এর পরিবেশ টেকসইভাবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী একটি প্রকল্পের কাজ শুরু করেছে সরকারের আলাদা তিনটি সংস্থা।
বিশ্বব্যাংকের সহায়তায় পরিবেশ অধিদপ্তর, ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন ঢাকা পরিবহন সমন্বয় বোর্ড (ডিটিসিবি) এ প্রকল্প বাস্তবায়ন করছে।
সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে 'ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট' (কেস) নামে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলওয়ে বিভাগের সচিব মোজাম্মেল হক খান প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বলেন, "এ প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে মহানগরীর পরিবহন ব্যবস্থা আরও গতিশীল এবং বায়ু দূষণসহ পরিবেশের আরও উন্নতি হবে।"
মহানগরীর পরিবেশ অধিকতর বাসোপযোগী করতে যানজটমুক্ত ও গতিশীল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য 'কেস' এর অধীন আলাদা এ তিনটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান মোজাম্মেল হক খান।
চলতি বছরের ১৪ আগস্ট অনানুষ্ঠানিকভাবে এ প্রকল্পের কাজ শুরু হয়। ২০১৪ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবে।
চারশ' ৮৭ কোটি টাকার এ প্রকল্পে বিশ্বব্যাংক বিনা সুদে ৪২৫ কোটি ১১ লাখ টাকা ঋণ দিচ্ছে। বাকি টাকা দেবে সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত প্রকল্পের পরিচালক নাসির উদ্দিন প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরে বলেন, মহানগরীতে বায়ু দূষণ কমাতে পরিবহন ব্যবস্থা ও ইটভাটাগুলোতে টেকসই পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করা হবে।
এর মধ্যে রয়েছে নগরীতে বায়ু দূষণ রোধে পর্যবেক্ষণ কর্মসূচি ও সচেতনতা বাড়ানো, পথচারীদের পায়ে চলার পথের উন্নয়ন ও ইট ভাটাগুলোতে দুষণমুক্ত পরিবেশ তৈরিতে প্রয্ুিক্তগত সহায়তা।
ডিসিসি'র প্রকৌশলী সেহাব উল্লাহ বলেন, নগরীর পরিবহন ব্যবস্থার উন্নতি ও তা গতিশীল করার মাধ্যমে দূষণের মাত্রা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য মোহাম্মদপুর ও পুরান ঢাকায় ৮০ কিলোমিটার ওয়ানওয়ে সড়ক নেটওয়ার্ক, তেজগাঁও, মোহাম্মদপুর ও খিলগাঁও এলাকায় ৭০ কিলোমিটার পায়ে চলার পথ ও ২৫ টি স্থানে ফুটওভার ব্রিজ তৈরি করা হবে।
ডিটিসিবি'র প্রকল্প পরিচালক আনিসুর রহমান বলেন, বায়ু দূষণ রোধ ও পরিবেশের স্থায়ী উন্নয়নে নগরীতে বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) ব্যবস্থা প্রবতন করা হবে। এ ব্যবস্থায় বাস চলাচলের জন্য সড়কের একটি নির্দিষ্ট লেন নির্ধারণ করে দেওয়া হবে। এতে বাসগুলো দ্রুত চলাচল করলে যানজট কমবে এবং বেশি সময় রাস্তায় দাঁড়িয়ে না থাকায় দুষণের মাত্রাও কমবে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত অপারেশন এডভাইজার মোহাম্মদ এ টোরে ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রবীন্দ্রনাথ রায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এসএইচ/২১৪৭ ঘ.
bdnews24