ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজ ছাত্র মোমিন হত্যা মামলায় মতিঝিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে।
ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক কানিজ আক্তার নাসরীনা খানম সোমবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১১ অক্টোবর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন।
সোমবার ওসি রফিকের আইনজীবীরা আদালতে তার অব্যাহতি চেয়ে আবেদন করেন।
আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপন বলেন, "মিডিয়ার প্রচারের কারনেই ওসি রফিককে এই মামলায় জড়ানো হয়েছে। কেননা সিআইডি ও ডিবি আলাদাভাবে তদন্ত করলেও এই মামলায় ওসি রফিকের সম্পৃক্ততা পায় নি।
বিচারক ওসি রফিকের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযুক্ত নয়জনের বিরুদ্ধে মোমিনকে হত্যার অভিযোগে প্রযোজ্য ধারায় অভিযোগ গঠন করেন।
আসামিদের মধ্যে 'ওসি রফিক'সহ চারজন বর্তমানে কারাগারে রয়েছে। তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী হাবীবুর রহমান তাজ, বাবু ওরফে ঠোট উঁচা বাবু ও মনির হাওলাদারকে শুনানির সময় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
পলাতক অপর পাঁচ আসামী হলেন হাসিবুল হক জনি, তারেক ওরফে জিয়া, শওকত হোসেন জুয়েল, মো. জাফর ও মো. শরিফউদ্দিন।
২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর সকালে রাজধানীর কাফরুল এলাকায় কলেজ ছাত্র মোমিনের বাসার পাশে রাস্তার ওপর সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের হিসেবে মোমিনকে তখনকার মতিঝিল থানার ওসি রফিকের নির্দেশে হত্যা করা হয়েছে অভিযোগ করে মোমিনের বাবা মো. আব্দুর রাজ্জাক বাদী হয়ে ২৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করে প্রথমে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও পরে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তবে দুটি প্রতিবেদনেই ওসি রফিককে বাদ দেওয়া হয়।
পরে বাদি পক্ষ নারাজি দরখাস্ত দিলে ঢাকার মহানগর হাকিম আদালত বিচার বিভাগীয় তদন্তে মোমিন হত্যাকাণ্ডে ওসি রফিকের সম্পৃক্ততা পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএইচ/২১০৩ ঘ.
bdnews24