২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পরিপত্র দিয়ে উপজেলা পরিষদকে পঙ্গু পরিষদ করা হয়েছে'

চট্টগ্রাম বিভাগের উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা অভিযোগ করেছেন সরকারি পরিপত্র জারির মধ্য দিয়ে উপজেলা পরিষদকে পঙ্গু ও প্রতিবন্ধী পরিষদে পরিণত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 03:01 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম বিভাগের উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা অভিযোগ করেছেন সরকারি পরিপত্র জারির মধ্য দিয়ে উপজেলা পরিষদকে পঙ্গু ও প্রতিবন্ধী পরিষদে পরিণত করা হয়েছে। সোমবার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় তারা এ অভিযোগ করেন। স্থানীয় সরকারকে গুরুত্ব না দিয়ে দেশের অর্থবহ উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করে সভায় বক্তারা বলেন, সরকার পরিপত্র জারির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনে বিভ্রান্তি তৈরি করেছে। তারা অবিলম্বে উপজেলা পরিষদে নিজেদের ক্ষমতায়নের দাবি করে পরিপত্র সংশোধন এবং স্থানীয় সাংসদ, চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দায়িত্বের ভারসাম্য নির্ণয়ের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। চট্টগ্রাম বিভাগীয় উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সমন্বয়কারী ও মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় চট্টগ্রামের অধীন ৯৯ টি উপজেলার আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আড়াই শতাধিক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় আহবায়ক হারুন অর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও শেরপুরের নালিতাবাড়ি উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা। হারুনুর রশিদ বলেন, সরকারের জারিকৃত পরিপত্রে উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করা হয়েছে। এতে উন্নয়ন কাজে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শুধুমাত্র সুপারিশের ক্ষমতা দেওয়া হয়েছে, বাস্তবায়নে তাদের কোন ভূমিকা নেই। তিনি বলেন, বর্তমান অবস্থায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনওদের মধ্যে বার বার বিরোধ হচ্ছে। সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও ইউএনওদের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তিনি। অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য সচিব বদিউজ্জামান অবিলম্বে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের স্থানীয় উন্নয়নে সংশ্লিষ্ট করে তাদের সক্রিয় করার আহবান জানান। সভায় অন্যান্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা তাদের সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের দাবি জানান। অন্যথায় সারাদেশের চেয়ারম্যানদের নিয়ে আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২০৫৬ঘ.