ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য খাতের অব্যবস্থার কথা স্বীকার করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক।
জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, "স্বাস্থ্যব্যবস্থা ঠিকভাবে চলছে, তা বলবো না। অব্যবস্থা আছে। আমি নিজেও এই সেক্টর থেকে এসেছি।"
চিকিৎসক স্বল্পতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "অনেক জায়গায় ডাক্তার নেই। নতুন ডাক্তার নিয়োগ না হলে সব জায়গায় ডাক্তার দিতে পারবো না।"
দুই মাসের মধ্যে এডহক ভিত্তিতে চিকিৎসক নিয়োগ শেষ হবে বলে তিনি জানান।
ইতোমধ্যেই নয় হাজার সাত'শ কমিউনিটি হাসপাতাল চালু করা হয়েছে বলেও জানান তিনি।
জাফরুল ইসলাম চৌধুরীর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "সাধারণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য গ্রাম পর্যায়ে সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
"বিগত আওয়ামী লীগ সরকার ১৩ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা নিয়েছিলো। তার আওতায় ১০ হাজার ৭২৩টি ক্লিনিক নির্মাণও করা হয়। তবে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে এই কার্যক্রম বন্ধ করে দেয়। সরকার আবার এই প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে।"
সংসদ অধিবেশন শুরু হয় বিকেল সোয়া ৪টায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এমএইচসি/এজে/এসএইচ/১৭৫০ ঘ.
bdnews24