২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: তদন্তের সময় আবারও বাড়লো

১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তের সময় তিন মাস বাড়ানো হয়েছে। এ নিয়ে পঞ্চম বার এ মামলার অধিকতর তদন্তের মেয়াদ বাড়ল। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ এ সময় বাড়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 08:06 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তের সময় তিন মাস বাড়ানো হয়েছে। এ নিয়ে পঞ্চম বার এ মামলার অধিকতর তদন্তের মেয়াদ বাড়ল। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ এ সময় বাড়ান। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান চৌধুরী ২৭ সেপ্টেম্বর তিন মাস সময় বাড়ানোর জন্য আবেদন জমা দেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী তিন মাস সময় বাড়ানোর আবেদন করেন। বিচারক আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত তদন্তের সময় বাড়িয়েছেন।" এ নিয়ে পঞ্চম বার অধিকতর তদন্তের মেয়াদ বাড়ল জানিয়ে পিপি বলেন, মামলার তদন্ত এখনও শেষ করা যায়নি। পিপি জানান, তবে ডিসেম্বর মাসে মহানগর দায়রা জজ আদালত এক মাসের জন্য বাৎসরিক ছুটি থাকে। সে হিসেবে অধিকতর তদন্তের জন্য দুই মাস সময় পাওয়া গেলো। সোমবার এ মামলার তদন্তের সর্বশেষ ৭৫ দিনের সময় শেষ হলো। এর আগে গত ২২ জুলাই সিআইডি'র আবেদনে সময় বাড়ানো হয়। চারটি বিষয়কে সামনে রেখে তৎকালীন মহানগর পিপি আহসানুল হক হেনা ২০০৭ সালের ১৯ নভেম্বর এ মামলার অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন জানান। এরপর আদালত নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগের আদেশ দিলে সিআইডির সহকারী পুলিশ সুপার ইসমাঈল হোসেনকে তদন্ত কর্মকর্তা (আইও) নিযুক্ত করা হয়। কিন্তু তিনি দুই দফা সময় নিয়েও মামলার কোন অগ্রগতি করতে ব্যর্থ হন। এরপর রাষ্ট্রপক্ষ ২০০৮ সালের ১৮ জানুয়ারি আদালতে আইও পরিবর্তনের আবেদন জানায়। বর্তমান আইও মনিরুজ্জামান দায়িত্ব নেওয়ার পর তিনি অস্ত্র খালাস এবং জেটি ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট সিইউএফএল কর্মকর্তা, কোস্টগার্ড, ট্রাক মালিক, পুলিশ ও গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। এদের মধ্যে চারজনকে নতুন করে গ্রেপ্তার করা হয় এবং সাত জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিউএফএল) ঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে খালাসকালে পুলিশ ১০ ট্রাক অস্ত্র আটক করে। পরদিন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে আলাদা দুটি মামলা করেন। পরবর্তী সময় সিআইডি তদন্ত শেষে অস্ত্র মামলায় ৪৩ ও চোরাচালান মামলায় ৪৪ জনকে আসামি করে আলাদা দুটি অভিযোগপত্র দাখিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/