২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আস্থার সংকট দলগুলোকেই দূর করতে হবে'

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আস্থার যে সংকট তৈরি হয়েছে, তা রাজনৈতিক দলগুলোকেই দূর করতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 09:16 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আস্থার যে সংকট তৈরি হয়েছে, তা রাজনৈতিক দলগুলোকেই দূর করতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ। বিগত তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা ভাল নয় মন্তব্য করে বলেন, "নির্বাচন নিরপেক্ষ করতে হলে নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও কার্যকরভাবে গড়ে তুলতে হবে।" রোববার জাতীয় প্রেসক্লাবে 'তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন বিতর্ক ও নাগরিক ভাবনা' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, "এসব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন। বিরোধী দলীয় সাংসদরা সংসদীয় কমিটিতে একসঙ্গে বসতে পারলে- সংসদ ও রাজপথে কেন একসঙ্গে থাকতে পারছেন না?" আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ব্যর্থ হয়েছে দাবি করে গত ১৮ আগস্ট বলেন, এ ব্যবস্থা থাকবে কি না তা নিয়ে এখনই আলোচনা হওয়া দরকার। এরপর এ বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। অধ্যাপক মোজাফফর আরও বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা থাকা দরকার। সাংবিধানিক পদে আগের সরকারের নিয়োগ দেওয়াদের পরবর্তীতে চা খাইয়ে বিদায় করার সংস্কৃতি বদলাতে হবে নিজেদের স্বার্থে। তত্ত্বাবধায়ক সরকারের ভেতরে ও বাইরের অভিজ্ঞতাগুলোর একটি পর্যালোচনা হওয়া জরুরি বলে মত প্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি বদলানো প্রয়োজন মত দিয়ে অধ্যাপক মোজাফফর বলেন, "শুধু তিন শত সাংসদের ভোটের পরিবর্তে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়রদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে।" আলোচনার শুরুতে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা প্রয়োজন উল্লেখ করে বলেন, "এ ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তবে এটি উঠিয়ে দেয়ার আগে নির্বাচন কমিশনকে সত্যিকার অর্থে স্বাধীন ও শক্তিশালী করতে হবে। এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন করা দরকার।" সুজনের কার্যকরী পরিষদের সদস্য এএসএম শাহাজাহান এর সঞ্চালনে সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, ব্যারিস্টার আমীর উল ইসলাম, সাংসদ শহীদুজ্জামান সরকার, সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী, সাংসদ আ ক ম মোজাম্মেল, সাংসদ সানজিদা খানম, সাংসদ রাশেদ বেগম হীরা, প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো, সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, সাবেক সচিব ইনাম আহমেদ, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, আসিফ নজরুল প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এসএইচ/০২০০ ঘ.