ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে রোববার 'মোবাইল কোর্ট বিল-২০০৯' পাস হয়েছে। এর ফলে ম্যাজিস্ট্রেটরা আইন ভঙ্গকারীদের তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই শাস্তি দিতে পারবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিলটি সংসদে উত্থাপন করেন। প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে কন্ঠভোটে তা পাস হয়।
এ বিল পাস হওয়ায় মেট্রোপলিটন নগরী ও জেলার ম্যাজিস্ট্রেটরা দেশে বিদ্যমান ৮৫ টি আইনে অপরাধ হিসেবে গণ্য কর্মকাণ্ডের জন্য কাউকে সব্বোর্চ দুই বছরের কারাদণ্ড দিতে পারবেন
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিলটি অনুমোদন করে।
এ বিল পাস না হওয়া পর্যন্ত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চালিয়ে যেতে গত জুলাই মাসে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান একটি নতুন অধ্যাদেশ জারি করেন।
এ আইনটির উদ্দেশ্য সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে, "নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার ক্ষেত্রে শূণ্যতা ছিলো। ২০০৭ সালের পহেলা নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের বিচারিক ক্ষমতা হারান। এর ফলে মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সমস্যা দেখা দেয়।"
২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ওই বছরই মোবাইল কোর্ট অধ্যাদেশ জারি করে।
কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এ অধ্যাদেশ নতুন সংসদে অনুমোদন না হওয়ায় তা চলতি বছরের ফেব্র"য়ারি থেকে অকার্যকর হয়ে যায়।
চলতি বছরের ৪ জুন সরকার 'মোবাইল কোর্ট বিল-২০০৯' প্রণয়ন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এসইউএম/এমএইচসি/এএনএস/এইচএ/২৩২০ঘ.
bdnews24