ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউকের) উত্তরা ও পূর্বাচল প্রকল্পে একজনকে একাধিক প্লট বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।
জাতীয় সংসদের রোববারের অধিবেশনে চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, "একজনকে একাধিক প্লট দেওয়ার কোনও প্রশ্নই আসে না।"
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় করা নিয়মে ঢাকায় যাদের প্লট আছে বা উত্তরাধিকারসূত্রে প্লটের মালিক তারা উত্তরা প্রকল্পে প্লটের জন্য আবেদন করতে পারেননি। তবে, পূর্বাচলে প্লটের জন্য আবেদনের ক্ষেত্রে এই বিধান রাখা হয়নি।
এর সমালোচনা করে আব্দুল মান্নান খান বলেন, "প্লট বরাদ্দের ক্ষেত্রে অতীতের সরকারগুলো অস্বচ্ছতার নজির রেখেছে। আমরা স্বচ্ছতার নজির স্থাপন করতে চাই।
"আমরা আবেদকারীদের উপস্থিতিতে প্রকাশ্যে লটারি করেছি। এখনও কিছু ক্যাটাগরিতে প্লট বরাদ্দ বাকি আছে। সেসব ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/কেআরসি/এমএইচসি/এজে/এইচএ/২২০০ ঘ.
bdnews24