ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০ সালের ২৫ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে রাজনৈতিক দলের স্থায়ী গঠনতন্ত্র জমা না হলে নিবন্ধন বাতিলের বিধান রেখে রোববার ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ (দ্বিতীয় সংশোধন) বিল-২০০৯ সংসদে উত্থাপন করা হয়েছে।
এ বিল অনুযায়ী নবম সংসদ অধিবেশন শুরুর তারিখ থেকে ১২ মাসের মধ্যে অর্থাৎ ২০১০ সালের ২৫ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলোর স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে হবে। এটা না দিলে নির্বাচন কমিশন দলের নিবন্ধন বাতিল করতে পারবে।
এর আগে এ সময় ছিল ৬ মাস অর্থাৎ ২০০৯ সালের ২৪ জুলাই পর্যন্ত।
গত ২৫ জানুয়ারি নবম সংসদের প্রথম অধিবেশন বসে।
পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সর্স্পকিত স্থায়ী কমিটিতে পাঠান স্পিকার আবদুল হামিদ।
রোববার বিকেলে সংসদে আইন প্রণয়ন কার্যাবলীর শুরুতে গণপ্রতিনিধিত্ব আদেশ ( দ্বিতীয় সংশোধন) বিল- ২০০৯ সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
তত্ত্বাবধায়ক সরকার আমলে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের জারি করা অধ্যাদেশ-এ রাজনৈতিক দলের স্থায়ী গঠনতন্ত্র ছয় মাসের মধ্যে নির্বাচন কমিশনে জমা দিয়ে নিবন্ধনের বিধান প্রবর্তন করা হয়।
পরে ওই অধ্যাদেশটি নির্বাচিত সংসদের প্রথম অধিবেশনে সংশোধন করে ২৪ ফেব্র"য়ারি গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) বিল-২০০৮ পাস করা হয়। ওই বিলের বিধান অনুযায়ী ২৪ জুলাইয়ের মধ্যে স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল।
তবে নবম সংসদ নির্র্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলের মধ্যে প্রধান বিরোধী দল বিএনপিসহ ১১ টি দল ওই নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে পারবে না বলে নির্বাচন কমিশনের কাছে সময় বাড়ানোর আবেদন জানায়।
ওই দলগুলো কারণ হিসেবে দলীয় কাউন্সিল না করার কথাও আবেদনে উল্লেখ করে।
অবশ্য পরবর্তী সময়ে ওই ১১টি দলের মধ্যে জামায়াতে ইসলামীসহ কয়েকটি ছোট দল তড়িঘড়ি করে ২৪ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে তাদের গঠনতন্ত্র জমা দেয়।
পরে নির্বাচন কমিশনের অনুরোধ ছয় মাসের বদলে ১২ মাস সময় বাড়িয়ে বিলটি গত ১৪ সেপ্টেম্বর মন্ত্রিসভার ৩৯তম বৈঠকে তা অনুমোদন করা হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের আর্টিকেল ৯০ডি অনুযায়ী সংশোধিত চূড়ান্ত গঠনতন্ত্র জমা দেওয়ার সময়সীমা ছয় মাসের বদলে ১২ মাস করা এবং ওই বর্ধিত সময়ের মধ্যে জমা না দিলে নিবন্ধন বাতিল হবে-এ মর্মে বিলটি আনা হয়েছে।
২০০৮ সালের নভেম্বরে মোট ৩৯টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে খসড়া সংশোধিত গঠনতন্ত্র জমা দিয়ে শর্ত সাপেক্ষে নিবন্ধিত হয়।
প্রথম দফা সময়সীমায় সরকারি দল আওয়ামী লীগসহ ৩৩টি দল কমিশনের কাছে শর্ত পূরণ করে নিবন্ধন চূড়ান্ত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এসইউএম/কেআরসি/২০৩০ঘ.
bdnews24