মাদারীপুর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলার নয়াচর গ্রামে শনিবার দুপুরে ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় লুটপাট হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
গ্রামের আওয়ামী লীগ সমর্থক করিম মাতুব্বরের নেতৃত্বে একটি দল সুলতান খান নামের এক ব্যক্তির পুকুরে জোর করে মাছ ধরতে যায়। বাধা দেওয়ায় তারা সুলতান, রব বেপারী, সিরাজ খান, শের আলী, গফুর বেপারীর বাড়িতে ও মফিজ হাওলাদারের মুদি দোকানে হামলা চালায়।
হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াসউদ্দিন আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের মধ্যে সিরাজ খান (৫০), সোনাবান বিবি (৬৫), নাজমিন আক্তার (২৫), রুবেল (১৭) ও শের আলীকে (২৫) মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
ওসি জানান, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৯০৮ ঘ.
bdnews24