চাঁদপুর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর সদর উপজেলার বাকেরপুর এলাকার মেঘনায় সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার বোঝাই একটি কার্গো জাহাজ শুক্রবার বিকেলে ডুবে গেছে।
জাহাজটি নয়শ' মেট্রিক টন ক্লিংকার ছিল।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফট্যানেন্ট খাজা মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার 'এমভি সুমাইয়া সাজিদ' নামের কার্গো জাহাজটি ভারতের কলকাতা থেকে ক্লিংকার নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। জাহাজটি চাঁদপুরের হাইমচর এলাকায় মেঘনা নদীতে আসার পর তলা ফেটে পানি ঢুকতে শুরু করে।
জাহাজের মাস্টার মো. বায়জিদ জাহাজটি চাঁদপুর সদর উপজেলার বাকেরপুর এলাকায় নিয়ে রাখেন। সেখানে শুক্রবার বিকেল চারটায় এটি ডুবে যায়।
কোস্টগার্ড কর্মকর্তা জানান, এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় শুক্রবার জিডি করা হয়েছে। শনিবার দুপুরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের জাহাজ পরিদর্শক মো. আবু জাফর মিয়া শনিবার দুপুরে নিমজ্জিত কার্গো জাহাজের স্থান পরিদর্শন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাহাজের তলা ফেটে যাওয়ার কারণে তা ডুবে যায়।"
তিনি জানান, জাহাজে থাকা ক্লিংকার নারায়ণগঞ্জের শাহ সিমেন্ট কারখানার। জাহাজ ডুবির বিষয়টি শনিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮০০ ঘ.
bdnews24