ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ফেনীর বিলোনিয়া স্থলবন্দর চালু হচ্ছে রোববার। দেশের ১৭তম এ স্থলবন্দর চালুর ফলে ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়ে যাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
এতে ভারতের সঙ্গে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতিও কিছুটা হলেও কমবে।
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এ স্থল বন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ফেনীর পরশুরাম উপজেলার মুহুরীঘাট এলাকায় এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগের শুল্ক স্টেশনটিকেই স্থল বন্দরের রূপ দেওয়া হয়েছে। এ জন্য ১৫ একর ভূমি অধিগ্রহণ করে অবকাঠামো তৈরি করা হয়।
বন্দরটি চালুর ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমে আসার আশাবাদ ব্যক্ত করেছেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রষ্ট্রির (আইবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমদ।
শনিবার দুপুরে মতিঝিলে এফবিসিসিআই মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এ বন্দর চালুর ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আরও বাড়বে। বিশেষ করে, ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে (সেভেন সিস্টার্স) বাংলাদেশের পণ্য রপ্তানি অনেক বেড়ে যাবে।
"ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে তা কমে আসবে। একইসঙ্গে কমবে পরিবহন খরচ।"
চট্রগ্রাম, নোয়াখালী ও ফেনী অঞ্চলের আমদানি-রপ্তানিকারকরা একেবারেই কম খরচে এই বন্দর দিয়ে মালামাল আনা-নেওয়া করতে পারবে দাবি করে তিনি বলেন, "হিসাব করে দেখেছি, অন্য স্থলবন্দর দিয়ে এক ট্রাক মাল আনা-নেওয়ায় যেখানে ২০ হাজার টাকা খরচ হয় সেখানে বিলোনিয়া বন্দর ব্যবহার করলে এ খরচ নেমে আসবে পাঁচ হাজার টাকায়।"
রোববার দুপুর ১২ টায় নৌ-পরিবহনমন্ত্রী এ স্থলবন্দরের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ত্রিপুরার অর্থমন্ত্রী বাদল চৌধুরী, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীসহ দুদেশের ব্যবসায়ী নেতারা উপস্থিত থাকবেন।
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রি ও ত্রিপুরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সহযোগিতায় আইবিসিসিআই এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
মাতলুব আহমদ বলেন, "আমরা (আইবিসিসিআই) ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে নানা ধরনের উদ্যোগ নিয়েছি। এ বন্দর তারই অংশ। আশা করছি, ২০১১ সালের মধ্যে বাংলাদেশ ভারতে এক বিলিয়ন (১০০ কোটি) ডলারের পণ্য রপ্তানি করতে পারবে।"
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০০৮-০৯ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ২৫৮ কোটি ৭০ লাখ (২ দশমিক ৫৯ বিলিয়ন) ডলার।
চলতি অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে ২৮৬ কোটি ৩৬ লাখ (২ দশমিক ৮৬ বিলিয়ন) ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে মাত্র ২৭ কোটি ৬৬ লাখ ডলারের পণ্য ভারতে রপ্তানি করেছে বাংলাদেশ।
২০০৭-০৮ অর্থবছরে এই বাণিজ্য ঘাটতির পরিমাণ ৩ বিলিয়ন (৩০০ কোটি) ডলার ছাড়িয়ে গিয়েছিল। ওই বছরে ভারত থেকে বাংলাদেশ ৩৩৭ কোটি ৫১ লাখ ডলারের পণ্য আমদানি করেছিল। আর রপ্তানি করেছিল মাত্র ৩৫ কোটি ৮০ লাখ ডলারের পণ্য।
তবে গত এক বছরের বেশি সময় ধরে ফলন ভাল হওয়ায় ভারত থেকে চাল আমদানি প্রায় শূন্যের কোটায় নেমে আসায় ২০০৮-০৯ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর ফেনী প্রতিনিধি জানান, উদ্বোধনী অনুষ্ঠানের সকল আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোমিনুর রশিদ আমিন।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এজে/এসএইচ/১৭৫০ ঘ.
bdnews24