২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালের দাম বৃদ্ধির জন্য খাদ্যমন্ত্রী দুষলেন ব্যবসায়ীদের

চালের মূল্য আকস্মিক বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের দায়ী করে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ঈদের বন্ধের সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম বাড়িয়ে দিয়েছে। তবে চালের যথেষ্ট মজুদ রয়েছে জানিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 09:18 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের মূল্য আকস্মিক বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের দায়ী করে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ঈদের বন্ধের সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম বাড়িয়ে দিয়েছে। তবে চালের যথেষ্ট মজুদ রয়েছে জানিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এক আলোচনা সভায় আব্দুর রাজ্জাক বলেন, "ঈদের বন্ধের সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম বাড়িয়ে দেয়। বর্তমানে দাম কিছুটা কমেছে। বাজার সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। " তিনি জানান, প্রয়োজন হলে সরকার খোলা বাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখবে। "এ নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকারের গুদামে অনেক চালের মজুদ রয়েছে", বলেন তিনি। তবে চালের দাম বাড়লে কৃষক উপকৃত হয় জানিয়ে মন্ত্রী বলেন, "এতদিন সরকার চেষ্টা করেও বাজারে ধান ও চালের দাম বাড়াতে পারছিল না। বাজারে চালের দাম বাড়লে তাতে কৃষকদের লাভ।" স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী ওই আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্জাক। পাওয়ার এন্ড পার্টিসিপেটরি রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিডিআই) যৌথভাবে এ সভা আয়োজন করে। মঙ্গা কবলিত, হাওর ও উপকূলীয় এলাকায় জনগণের জীবনমানের উন্নয়নে সরকারি উদ্যোগ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, "সরকার তাদের জন্য বিশেষ কর্মসূচি ও প্রকল্প হাতে নিয়েছে। দাতারাও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। এজন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি তৈরি করা হচ্ছে।" এক্ষেত্রে সরকারি উদ্যোগ যথেষ্ট কিনা- জানতে চাইলে রাজ্জাক বলেন, "দেশের ৪০ শতাংশ মানুষ যেখানে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে সেখানে এ ধরনের কর্মসূচি যথেষ্ট- এটা বলা যাবে না। তবে সরকার চেষ্টা করছে। "গত বছর দেশে ২১ লাখ মেট্রিক টন খাদ্য বিতরণ করা হয়েছে। এবার এর পরিমাণ বাড়িয়ে ২৬ লাখ টন করা হয়েছে। যা পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচি।" তবে খাদ্যমন্ত্রী মানুষকে স্বনির্ভর করার ওপর জোর দিয়ে বলেন, "সরকার এ কর্মসূচি অব্যাহত রাখতে চায় না। কারণ এর মাধ্যমে মানুষকে চিরদিন দরিদ্র থাকতে উৎসাহিত করা হবে। "তাই তাদের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। এতে সাধারণ মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে।" পিপিআরসি'র নির্বাহী পরিচালক হোসেন জিল্লুর রহমান তার উপস্থাপিত নিবন্ধে বলেন, "মঙ্গা কবলিত এলাকায় সরকার অস্থায়ী ভিত্তিতে পরিচালিত দুস্থ জনগোষ্ঠীর জন্য খাদ্য (ভিজিএফ) কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়ে ২৪০ শতাংশ বেশি বিনিয়োগ করছে। অথচ দুস্থ জনগোষ্ঠীর উন্নয়ন (ভিজিডি) কর্মসূচিতে মাত্র ৪৫ শতাংশ বিনিয়োগ করছে। এটা সরকারি কর্মসূচির একটি বৈষম্য।" মঙ্গা কবলিত এলাকার সার্বিক চিত্র তুলে ধরে বিগত তত্ত্বাবধায়ক সরকারের এ উপদেষ্টা বলেন, মঙ্গা কবলিত চারটি জেলা- কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও নীলফামারীতে তিন লাখ ৩৪ হাজার ২৬৫টি পরিবার মৌসুমী বেকার থাকে। এ এলাকার এক লাখ ৮৮ হাজার ১৮১ পরিবারের খাদ্য ঘাটতি রয়েছে। এছাড়া তিন লাখ ৫৭ হাজার ৭৫টি পরিবার ঝুঁকিপূর্ণ এবং আট হাজার ৯৩টি পরিবার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত। এসব পরিবারের জন্য সরকারকে উপযুক্ত পুনর্বাসন কর্মসূচি হাতে নিতে হবে। বিডিআই পরিচালক অধ্যাপক সৈয়দ এম হাশেমীর সভাপতিত্বে সভায় ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড হালমেও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৫০০ ঘ.