ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শুক্রবার দুইজন এবং একইদিন মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে নিহতরা হলেন- কুমিল্লার দেবীদ্বারের বেতুয়া গ্রামের আমিনা বেগম (২৬) এবং সুলতানপুর গ্রামের আব্দুল গফুর (৪০)।
দুর্ঘটনায় আহত আব্দুর রব (৩৫), রুহুল আমিন (৪০), মোসলেম (৩০) ও রুহেনা বেগমকে (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হ্ইাওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন জানান, দুপুরে সিলেট থেকে কুমিল্লাগামী একটি একটি মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখী সংঘর্ষ হলে মাইক্রোবাসটি পাশের জমিতে গিয়ে পড়ে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মাদারীপুর: রাত ৮টার দিকে টেকেরহাট-শ্রীনদী সড়কে মাদারীপুরের রাজৈর উপজেলার গোপালগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহতরা হলেন- রাজৈর উপজেলার শংকরদী গ্রামের আলী মাতবর (৪৩) এবং সদর উপজেলার ধুরাইল গ্রামের নাসরিন (৩)।
আহতদের রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি টেকেরহাট থেকে শ্রীনদী যাচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.
bdnews24