২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. গালিবের বিরুদ্ধে আবারও জঙ্গি প্রশিক্ষণের অভিযোগ

বাংলাদেশ আহলে হাদীছ আন্দোলনের আমির ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক ড. আসাদুল্লাহ আল গালিবের বিরুদ্ধে আবারও জঙ্গি প্রশিক্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গালিবের সাবেক ঘনিষ্ঠ সহযোগী রাজশাহীর আল-মারকাজুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া কমপ্লেক্স মাদ্রাসার সুপার শায়খ আব্দুস সামাদ সালাফী এ অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 05:30 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

রাজশাহী, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ আহলে হাদীছ আন্দোলনের আমির ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক ড. আসাদুল্লাহ আল গালিবের বিরুদ্ধে আবারও জঙ্গি প্রশিক্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গালিবের সাবেক ঘনিষ্ঠ সহযোগী রাজশাহীর আল-মারকাজুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া কমপ্লেক্স মাদ্রাসার সুপার শায়খ আব্দুস সামাদ সালাফী এ অভিযোগ করেন। ২০০৫ সালের ২২ ফেব্র"য়ারি নগরীর নওদাপাড়ার বাসা থেকে জঙ্গি তৎপরতার অভিযোগে গালিব ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২০০৮ সালের ২৮ আগস্ট বগুড়া কারাগার থেকে মুক্তি পান তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুস সামাদ সালাফী বলেন, গালিব আল-মারকাজুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া কমপ্লেক্সে বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া কিছু ছাত্রকে দাওয়া ক্লাশের নামে অবৈধভাবে বসবাসের সুযোগ করে দিয়েছেন। তাদেরকে জঙ্গি হিসেবে গড়ে তোলা হচ্ছে। তারা মাদ্রাসার লেখাপড়ার পরিবেশ নষ্ট করে সাধারণ ছাত্রদেরকেও উগ্র করে তুলছে। এরা শিক্ষকদের সঙ্গেও খারাপ ব্যাবহার করে থাকে। সালাফী আরও বলেন, গালিব গভীর রাতে মসজিদের তালা খুলে ওই ছাত্রদের নিয়ে প্রশিক্ষণমূলক বৈঠক করছেন। আর এতে তাকে সহায়তা করছেন মাদ্রাসা কমপ্লেক্সের ভেতরে গালিব পরিচালিত আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ ও আহলে হাদীছ সোনামনি সংগঠনের কর্মকর্তারা। গালিব মাদ্রাসাটি দখলের চেষ্টা করছেন দাবি করে সালাফী মাদ্রাসা কমপ্লেক্স থেকে সব অবৈধ ছাত্র ও সংগঠনের কার্যালয় এবং গালিবের ব্যক্তিগত মালিকানাধীন 'আত-তাহরীর' কার্যালয় অপসারণের দাবি জানান। এই দাবি না মানা হলে রাজশাহী নগরী অশান্ত হয়ে উঠতে পারে বলেও হুমকি দেন সালাফী। সংবাদ সম্মেলনে গালিবের নেতৃত্বাধীন আহলে হাদীছ আন্দোলন, বাংলাদেশের সাবেক সেক্রেটারি জেনারেল এবং বর্তমানে জামা'আতে আহলে হাদীছের সেক্রেটারী জেনারেল রেজাউল করিম, মাদ্রাসা রক্ষা কমিটির সভাপতি সিয়াম উদ্দিন মাস্টার, জামা'আতে আহলে হাদীছের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল লতিফ ও তওহীদ ট্রাস্টের সদস্য কফিল উদ্দিন উপস্থিত ছিলেন। রেজাউল করিম বলেন, একসঙ্গে সংগঠন করার সময় গালিবের নির্দেশে তিনি জেএমবি নেতা শায়খ আব্দুর রহমানের সঙ্গে বৈঠক করেন। কিন্তু শায়খ আব্দুর রহমানের সঙ্গে তার মতবিরোধ দেখা দেয় এবং শায়খের কাছে পাঠানোর জন্য গালিবের কাছে প্রতিবাদ জানান তিনি। এদিকে অভিযোগের ব্যাপারে ড. গালিবের সঙ্গে টেলিফোনে যোগযোগ করা হলে তার প্রতিনিধি হিসেবে মাসিক আত-তাহরীক পত্রিকার সম্পাদক সাখাওয়াত হোসেনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কারণ সেখানে ২৪ ঘণ্টা পুলিশ পাহারা থাকে।" গালিবের বিরুদ্ধে এখন পর্যন্ত জঙ্গিবাদের কোন অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে সাখাওয়াত বলেন, "উল্টো জামা'আতে আহলে হাদীছ বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী'র কাঁধে ভর করে আমাদের প্রতিষ্ঠান দখলের চেষ্টা করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩২০ ঘ.