কুড়িগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসায় শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে শুক্রবার সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) পাঁচজন জনতার হাতে লাঞ্ছিত হয়েছেন।
পরে কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ মো. জাকির হোসেন এবং রৌমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকাল ১০টায় শুক্রবার সকালে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাঞ্চার চর দাখিল মাদ্রাসার এবতেদায়ী শাখায় একজন এবং দাখিল শাখায় একজন শিক্ষক নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠানের সময়সূচি ধার্য ছিল।
তিনি বলেন, দুই পদে ৪০ জনের মধ্যে বাছাই করে ১০ জনকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হয়। কিন্তু এই ১০ জনের মধ্যে শুধু পাঁচজনকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে সকাল ৮টায় পরীক্ষা শুরু করে সাড়ে ৯টায় শেষ করা হয়। এতে অপর পাঁচজন পরীক্ষা দিতে এসে ব্যর্থ হন।
ওসি বলেন, বঞ্চিত প্রার্থীরা হইচই শুরু করলে আশপাশের লোকজন এসে ইউএনও শওকত আলম মুজুমদার, মাদ্রসার সুপারিনটেনডেন্ট সুফিয়ার রহমানসহ নিয়োগ কমিটির পাঁচ সদস্যকে অবরুদ্ধ ও লাঞ্ছিত করে।
খবর পেয়ে স্থানীয় সাংসদ ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
সাংসদ মো. জাকির হোসেন বলেন, অনিয়মের মাধ্যেমে নিয়োগ প্রক্রিয়া শেষ করার চেষ্টা চালানোয় এ অনভিপ্রেত ঘটনা ঘটেছে।
জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে প্রতিবেদন পাঠানোর জন্য রৌমারীর সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ইউএনও'র সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24