২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুলাউড়ায় বিএনপি'র পাল্টাপাল্টি সভা আহ্বান, ১৪৪ ধারা জারি

বিএনপি'র দু'টি গ্র"প একই স্থানে সভা আহবান করায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম নুরুল হক শুক্রবার দুপুরে এ নির্দেশ জারি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 01:26 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

মৌলভীবাজার, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র দু'টি গ্র"প একই স্থানে সভা আহবান করায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম নুরুল হক শুক্রবার দুপুরে এ নির্দেশ জারি করেন। ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুর ১টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে। তিনি বলেন, "উপজেলা বিএনপি'র দু'টি পক্ষ স্থানীয় জাফরিন কমিউনিটি সেন্টারে একই সময়ে সভা আহবান করায় সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়।" ইউএনও জানান, শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার স্বার্থে এ সময় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ১৪৪ ধারা জারির পর বিএনপির একাংশ বিকেল ৪টায় কুলউড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে একটি গ্র"পের উপজেলা কমিটির আহবায়ক বদরুজ্জামান সজল বলেন, "উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য উপজেলা পরিষদের জনমিলন কেন্দ্র ব্যবহারের জন্য প্রশাসন গত ২৭ সেপ্টেম্বর আমাদের অনুমতি দেয়। কিন্তু বৃহস্পতিবার প্রশাসন তা বাতিল করে। এরপর আজ (শুক্রবার) আমরা স্থানীয় জাফরিন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিলে সেখানেও প্রশাসন বাধা দেয়।" নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির কয়েকজন নেতা জানান, মৌলভীবাজারের সাত উপজেলা ও পাঁচ পৌরসভায় মোট ১২টি সাংগঠনিক এলাকার প্রতিটিতে দু'টি করে ২৪টি আহবায়ক কমিটি গঠন করেছে বিবদমান গ্র"পগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৬ ঘ.