নীলফামারী, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীর জলঢাকা পৌর এলাকার মাথাভাঙ্গা গ্রামে বুধবার রাতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহত স্কুলছাত্রী ইতিমনি (১৪) মাথাভাঙ্গা গ্রামের ইয়াকুব আলীর মেয়ে। সে জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল।
হত্যার পর দুর্বৃত্ত গলায় ওড়না পেঁচিয়ে ইতির লাশ ঘরের আড়ের সঙ্গে ঝুলিয়ে রাখে। বৃহস্পতিবার সকালে পুলিশ তারা ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, ইতিমনি বুধবার সন্ধ্যায় বাড়িতে একা ছিল। এই সুযোগে পাশ্ববর্তী করাত কলের কাঠ ব্যবসায়ী পৌর এলাকার দুন্দিবাড়ি গ্রামের আরফান আলীর ছেলে মাহমুদার রহমান (২৪) ঘরে ঢুকে ইতিমনিকে ধর্ষণ করে।
ইতিমনি চিৎকার করার চেষ্টা করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে লাশ ঘরের আড়ের সঙ্গে ঝুলিয়ে রাখে। এ সময় ইয়াকুব আলী বাড়িতে উপস্থিত হলে মাহমুদার তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে যায়।
ওসি জানান, পুলিশ খুনী মাহমুদারকে গ্রেপ্তার করতে পারেনি। এ ব্যাপারে ইয়াকুব আলী বাদী হয়ে জলঢাকা থানায় তার বিরুদ্ধে একটি মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৮ ঘ.
bdnews24