ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অর্থনৈতিক মন্দার কারণে কয়েকটি দেশে জনশক্তি নেওয়া বন্ধ থাকলেও চলতি বছরের প্রথম নয় মাসে তিন লাখ ৫৩ হাজার ৭৯২ জন কর্মী বিভিন্ন দেশে গেছে।
এর মধ্যে মালয়েশিয়াতেই গেছে ১২ হাজার ১৩৭জন শ্রমিক। এ সময়ে রেমিটেন্স এসেছে ৬শ' ১০ কোটি ডলার।
প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, "মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির অবস্থা আর কখনোই ২০০৭ ও ২০০৮ সালের মতো হবে না। কারণ, আট বছর বন্ধ থাকার পর ওই দুই বছরেই বাংলাদেশ থেকে মালয়েশিয়া পাঁচ লাখ শ্রমিক নেয়। সেটা ছিল অস্বাভাবিক ঘটনা।"
তবে স্বাভাবিকভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানো অব্যাহত থাকবে বলে জানান মন্ত্রী।
এর আগে তিনি চারটি দেশের শ্রম কাউন্সেলর হিসেবে নতুন দায়িত্ব পাওয়া চার কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। এ সময় মন্ত্রী তাদের শ্রমিকদের কল্যাণে এবং অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার পরামর্শ দেন।
ওই চার কর্মকর্তা হলেন- মালয়েশিয়ার শ্রম কাউন্সেলর মন্টু কুমার বিশ্বাস, কুয়েতের প্রথম সচিব (শ্রম) কেএম আলী রেজা, লিবিয়ার প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকী ও সিঙ্গাপুরের প্রথম সচিব (শ্রম) সৈয়দ জাহিদ হোসেন।
মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রম বাজার অস্থির করে তোলার জন্য দায়ী বাংলাদেশের শ্রম কাউন্সেলর তালাত মাহমুদের বিরুদ্ধে সরকারের নেওয়া ব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, "তার বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
সৌদি আরবে বর্তমানে প্রায় ২২ লাখ শ্রমিক রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, "সেখানে স্বাভাবিকভাবে শ্রমিক যাচ্ছে। তবে সৌদি আরবে ছয়টি মেগাসিটির নির্মাণ কাজ শুরু হলে আরও অনেক শ্রমিক যাওয়ার সুযোগ পাবে।"
সৌদি আরবে কাজ করার জন্য এ পর্যন্ত ২৫ লাখ ৬৭ হাজার শ্রমিক অনাপত্তি সনদ নিয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/১৯২৫ ঘ.
bdnews24